মেলায় এসে চাকরি পেল ৮০ প্রতিবন্ধী

রেহানা আকতার। পড়ছেন স্নাতক দ্বিতীয় বর্ষে। সোফায় বসে আছেন। বেশ প্রাণবন্ত। বোঝার উপায় নেই তিনি প্রতিবন্ধী। পরে কথা বলে জানা গেল সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর নিচের অংশ হারিয়েছেন। এখন কৃত্রিম পায়ের সাহায্যে চলাচল করেন। এসেছেন প্রতিবন্ধীদের চাকরি মেলায়। মেলাতে নিরাশ হতে হয়নি তাঁকে, কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পেয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলার আয়োজন করা হয়। মেলার মূল স্লোগান ছিল, ‘চাকরির জন্য সক্ষমতা দেখ, অক্ষমতাকে নয়।’
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), গণসাক্ষরতা অভিযান ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করে। মেলা আয়োজনে সার্বিক সহায়তা করেছে বাংলাদেশ ও কানাডা সরকার, ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ড এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
চাকরি পেয়ে রেহানা অনেক খুশি। তিনি চাকরির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারেও বেশ আশাবাদী। দুর্ঘটনার কারণে যে ক্ষতি হয়েছে, তা তিনি তাঁর কাজের মধ্য দিয়ে কাটিয়ে উঠতে চান।
মেলায় চাকরি পেয়েছেন রতন সূত্রধর। মাধ্যমিক পাস। তাঁর বয়স যখন পাঁচ মাস, তখন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। সেই জ্বরে চলার শক্তি হারান। শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে হুইল চেয়ার ব্যবহার করতে পারেন না। হাঁটুতে ভর দিয়ে চলেন। এভাবে চলাফেরা করতে কষ্ট হলেও কিছুটা মানিয়ে নিয়েছেন। তিনি ঊর্মি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পেয়েছেন। আগামীকাল সেখানে যোগ দেবেন।
মেলার আয়োজক সংগঠন বিবিডিএনর নির্বাহী কমিটির কো-চেয়ার মোরতেজা খান প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে কমিটিতে আলোচনা হয়। এরপর চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের কথা বলার ব্যবস্থা করা হয়। আর এ পর্যায়ে এই মেলার বিষয়টি মাথায় আসে। মেলায় অনেক সাড়া পাওয়া গেছে। পর্যায়ক্রমে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এমন আয়োজন করা হবে।

আজ সকালে একটি সেমিনারের মধ্য দিয়ে মেলার আয়োজন শুরু হয়। সেমিনারে মেলা আয়োজন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজক সংগঠনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। পরে দুপুর ১২টায় মেলার উদ্বোধন করা হয়। বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরির জন্য সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। তৈরি পোশাক, মোবাইল অপারেটর কোম্পানি ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ মোট ২০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। চাকরি দাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ছোট ছোট বুথ বসিয়ে সেখানে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল।
চাকরি মেলায় উচ্চ পদসহ মাঝারি ও শুরুর ধাপের (এন্ট্রি) চাকরির ব্যবস্থা করা হয়েছে। আজকের মেলায় বিকেল তিনটা পর্যন্ত ৮০ জনকে বিভিন্ন পদে চাকরি দেওয়া হয়। চাকরিপ্রাপ্ত ব্যক্তিরা কেউ কেউ আগেই চাকরিদাতা প্রতিষ্ঠানে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। যারা আগে সাক্ষাৎকার দিয়েছেন ও চাকরির জন্য মনোনীত হয়েছেন, তাদের চাকরিতে যোগদানপত্র দেওয়া হয় আজকের মেলায়। চাকরিপ্রাপ্ত সবার যোগদানের তারিখ আগামীকাল ১০ ডিসেম্বর।