মেলায় গিয়ে লাশ হয়ে ফিরল শিশু হজরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উপলক্ষে কেনা লাল-সাদা রঙের নতুন জামা পরে গত সোমবার বগুড়ার শেরপুর উপজেলার হজরত আলী (৯) গিয়েছিল বোনের শ্বশুরবাড়ি এলাকার বৈশাখী মেলায় বেড়াতে। পরদিন মঙ্গলবার অজ্ঞাতপরিচয় হিসেবে একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে ছেলের লাশ শনাক্ত করেন মা শেলী খাতুন। গলা কেটে হত্যা করা হয়েছে শিশুটিকে। এ ঘটনায় নিহত শিশুর দুলাভাই ও বেয়াইকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে।
নিহত শিশুর মামা মো. সেলিম বলেন, উপজেলার ধনকুণ্ডি দক্ষিণ পাড়া গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের ছেলে। তার মা শেলী খাতুন অন্যের বাড়িতে কাজ করেন। দুই মেয়ে আর এক ছেলে তাঁদের। দুই মেয়ের বিয়ে হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে তাই শত অভাবের মধ্যেও আদরের ছেলেকে নতুন জামা কিনে দিয়েছিলেন মা-বাবা। তিনি আরও জানান, হজরত আলী গত সোমবার দুপুরে নতুন জামা পরে বেলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈশাখী মেলায় যায়। বেলগাড়ী গ্রামে তার বড় বোনের বিয়ে হয়েছে। এরপর আর বাড়ি ফিরেনি। সে পাশের রায়গঞ্জ উপজেলার সেনগাঁথি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট সড়কের পাশে একটি প্রাচীর ঘেঁষে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। অজ্ঞাতনামা হিসেবে উদ্ধারের পর বিকেল চারটায় নিহতের মা ও মামা এসে লাশটি শনাক্ত করেন। সন্ধ্যায় শিশুটির মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা বলেন, গতকাল সাদা পোশাকধারী পুলিশ শিশুটির দুলাভাই কদম আলী (২৩) ও বেয়াই বাদশা মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশে অপারগতা জানান তিনি।