মেলায় জুয়া-লটারি-অশ্লীল নৃত্য
পঞ্চগড়ের আটোয়ারীতে বৈশাখী মেলায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য। এ ছাড়া লটারি ও জুয়ার নামে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। লোভে পড়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এলাকার এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসন নির্বিকার। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড়ের পাশে পক্ষব্যাপী বৈশাখী মেলা শুরু হয় ১৪ এপ্রিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন মেলা কমিটির সভাপতি। পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ। মেলায় চিরায়ত গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো স্টল বা বিনোদনের ব্যবস্থা নেই।প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ টাকার সততা লাকী কুপন নামে লটারির টিকিট বিক্রি করা হয়। খেটেখাওয়া মানুষ এসব লটারির ক্রেতা। প্রতিদিন তিন থেকে পাঁচ লাখ টাকার টিকিট বিক্রি হলেও পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকার। বাকি টাকা প্রশাসন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা-কর্মী, কতিপয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে ভাগবাটোয়ারা হয়। মেলায় বসানো হয়েছে ঘটঘটি নামের জুয়া। যাত্রা ও ভ্যারাইটি শোতে চলছে অশ্লীল নৃত্য।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজনুর রহমান বলেন, লটারি ও যাত্রায় সরকারি অনুমতি আছে। জুয়া আর অশ্লীল নৃত্যের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। মেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘জুয়ার বিষয়টি শুনেছি। মেলার সদস্যসচিবকে ব্যবস্থা নিতে বলেছি।’ সদস্যসচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, লটারির অনুমতি রয়েছে সাত দিনের। তবে লোকসানে থাকায় এখনো চালানো হচ্ছে।