বইমেলায় তারুণ্যের উচ্ছ্বাস

ফাল্গুনের দ্বিতীয় দিনে গতকাল ভালোবাসা দিবসে বইমেলায় ছিল মূলত তারুণ্যের উচ্ছ্বাস। তবে বই কেনার চেয়ে নিজেদের মধ্যে আড্ডা দেওয়া বা চা-কফি-আইসক্রিম খাওয়ার প্রতিই তাঁদের উৎসাহ ছিল বেশি। কেউ কেউ অবশ্য বইয়ের দোকানের সামনে ভিড় করেছেন, কিনেছেনও। তবে বিক্রিটা ভিড়ের মতো না।
গতকাল দুই সপ্তাহ পার করল মেলা। বাংলা একাডেমির দেওয়া তথ্যমতে, এ পর্যন্ত মেলায় মোট বই এসেছে ১ হাজার ৯৩২টি। গতবার এ সময়ে নতুন বই প্রকাশ পেয়েছিল ১ হাজার ৬৩৩টি। এ বছর নতুন বইয়ের সংখ্যা বেড়েছে ২৯৯টি।
এবার বিক্রিও ভালো। প্রকাশক ও বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলেছে, এবার বিক্রি গতবারের তুলনায় ভালো। প্রকাশকেরা বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে বলতে চান না। বাংলা একাডেমি গতকাল পর্যন্ত বিক্রি করেছে ৫৬ লাখ ৫০ হাজার টাকার বই। তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বলেন, সব মিলিয়েই এবারের বিক্রি আগের যেকোনো মেলার চেয়ে ভালো। মেলায় ফাঁকা পরিসর বেশি বলে পাঠকেরা ঢুকতে পারছেন বেশি, ঘুরতে-ফিরতে পারছেন স্বস্তিতে।
বুধবার ছোট-বড় সব প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র, খাবারের দোকান, মোড়ক উন্মোচন মঞ্চ—সবখানেই ছিল তরুণদের উপস্থিতি। বেলা তিনটার পর থেকে জমজমাট ছিল সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চটিও। উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিমের কিশোর উপন্যাস হয়ে ওঠার গল্প-এর মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, উদীচীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ ও শিক্ষাবিদ কাজী মদিনা। রবি বইঘর অ্যাপে বিকেলে কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ইটি, তুমি কেমন আছ-এর ই-বুক উদ্বোধন করা হয়।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৯২টি। এর মধ্যে প্রথমা প্রকাশন এনেছে আহমাদ মোস্তফা কামালের নিরুদ্দেশ যাত্রা। মেলার দুই পাশেই বাংলা একাডেমির প্যাভিলিয়ন আছে। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বই নতুন করে এনেছে প্রতিষ্ঠানটি। বিক্রির তালিকায় শীর্ষে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা। এ ছাড়া বাংলা একাডেমি এনেছে আসাদ চৌধুরীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাহবুব তালুকদারের একটি বকুল ফুলের মালা, সৈয়দ মোহাম্মদ শাহেদের লেখা জীবনীগ্রন্থ সন্তোষ গুপ্ত, মোস্তাক আহমাদ দীনের কাজী আবদুল ওদুদের মনোবিশ্ব, আবুল কাসেমের চা: শিল্প ও সাহিত্য ইত্যাদি। মেলায় তাম্রলিপি এনেছে আহসান হাবীবের বিভ্রম, অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে আবুল কাসেম ফজলুল হকের সংস্কৃতির সহজ কথা, শ্রীহট্ট এনেছে সুমনকুমার দাশের লোকসংস্কৃতি লোকসাধক, আলোঘর এনেছে খালেদ হোসাইনের আগুনের একটি স্ফুলিঙ্গ চুপ করে বসে আছে, অধ্যাপক মোজাফফর আহমদের সময়ের কণ্ঠস্বর, সূচীপত্র এনেছে শান্তিরঞ্জন ভৌমিকের আমি শচীনকর্তা, চন্দ্রাবতী একাডেমি এনেছে হাবিবুল্লাহ সিরাজীর ছড়াছড়ি। রয়েল পাবলিশার্স এনেছে নাসির আহমেদের কাব্যগ্রন্থ ভালো থাকার নির্দেশ আছে।
আজ বৃহস্পতিবার মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।