মেলায় বই প্রকাশের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে গ্রন্থমেলায় আজকের দিনটি নানা কারণে উল্লেখযোগ্য। এবারের মেলায় আজ শুক্রবার সর্বোচ্চ সংখ্যক প্রকাশিত হয়েছে। 

বাংলা একাডেমির তথ্য কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মেলায় এসেছে এসেছে ২৩৬টি বই। এর মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সর্বোচ্চ—৫৪টি, পরের অবস্থানে আছে উপন্যাস ৪০টি, গল্প ৩৪টি। বাকিগুলো প্রবন্ধ, গবেষণা,জীবনী ইত্যাদি।
সর্বোচ্চ বই প্রকাশের পাশাপাশি আজ শুক্রবার সারা দিনই ছিল উপচে পড়া ভিড়। একে ছুটির দিন, তার ওপর এক দিন বাদেই অমর একুশে। সকাল থেকেই বই মেলায় শুরু হয়েছিল জনস্রোত। দুপুরের পরে আক্ষরিক অর্থেই টিএসসি গেট থেকে বাংলা একাডেমির প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্র। লোকসমাগম বৃদ্ধি পাওয়ায় মেলায় বিক্রিও বেড়েছে। স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। মেলার ১৯তম দিনে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক-বিক্রয়কর্মীরা।
সাপ্তাহিক ছুটি থাকায় আজ ১১টায় খুলে দেওয়া হয় মেলার প্রবেশদ্বার। তবে এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণ ভেসেছিল সুরের কাকলিতে। সকাল ১০টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। বিচারক হিসেবে ছিলেন শিল্পী কল্যাণী ঘোষ, সুজিত মোস্তফা ও আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
প্রতিযোগিতায় ক-শাখায় প্রথম হয়েছেন তাহসিন রহমান, দ্বিতীয় হয়েছেন সুদীপ দত্ত অহন এবং তৃতীয় হয়েছেন ফাবিহা লামিছা তাহা। খ-শাখায় প্রথম হয়েছেন নিপা আক্তার, দ্বিতীয় হয়েছেন অগ্নিতা শিকদার মুগ্ধ এবং তৃতীয় হয়েছেন নামিরা মুশকান।
এসেছিলেন তথ্যমন্ত্রী: চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের প্রকাশিত আ ন ম আমিনুর রহমানের ‘বাংলাদেশের বন্য প্রাণী’ বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক লিয়াকত আলী খান, বন ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোরশেদ আলম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবার রহমান।
মেলা মঞ্চের আয়োজন: আজ বিকেল চারটায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘রাধারমণ দত্ত: মৃত্যু শতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশগ্রহণ করেন মাহফুজুর রহমান, বিশ্বজিৎ রায় এবং নৃপেন্দ্রলাল দাশ। সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ সাদিক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান পারভেজের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’ এবং হাসান আরিফের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘শ্রুতিঘর-এর শিল্পীরা অংশ নেন। গান শোনান কণ্ঠশিল্পী আকবর আলী সাঁই, দেলোয়ার হোসেন বয়াতি, অমিয় বাউল, পাগলা বাবলু খান রাফসান বাউল, বাউল মিলন, আমজাদ দেওয়ান, জামাল দেওয়ান, বিমল বাউল ও রকিবুল ইসলাম রাকিব।