মেলায় বসন্ত এসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমেল হাওয়া রেজাউর রহমান
হিমেল হাওয়া রেজাউর রহমান
স্যার ফিলিপ হার্টগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, সৈয়দ আবুল মকসুদ
স্যার ফিলিপ হার্টগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, সৈয়দ আবুল মকসুদ

কোকিল পঞ্জিকা দেখে না। না হলে মাঘ শেষ হওয়ার আগেই কেন সোহরাওয়ার্দী উদ্যানে ডাকাডাকি করবে। পড়ন্ত মাঘ-বিকেলে উদ্যানভর্তি মানুষের গায়েও নেই শীতবস্ত্র। তাঁদের অনেকেরই এক হাতে বইয়ের থলে, অন্য হাতে প্রিয়জনের হাত। মেলায় প্রকৃত অর্থেই যেন বসন্ত এসে গেছে। মৃদু ফাল্গুনী হাওয়া তেমনটাই ইঙ্গিত করে।
গতকাল শনিবারও বইমেলা দখলে রেখেছিল পাঠক, অটোগ্রাফ-শিকারি ও সেলফিপ্রেমীর দল। প্রতিদিনের মতোই এসেছে নতুন নতুন বই। দম ফেলার ফুরসত পাননি মেলার বিক্রয়কর্মীরা। নবীন-প্রবীণ লেখকদের অনেককেই দেখা গেছে স্টলের ভেতরে-বাইরে। বেশির ভাগ প্রকাশনীর প্রায় সব বই প্রস্তুত। এ বছর প্রথমা প্রকাশনের স্টলের দুই পাশ খোলা, যুক্ত হয়েছেন গতবারের তুলনায় আরও বেশি বিক্রয় প্রতিনিধি। যে পাশটায় লেখক আনিসুল হক বসে ছিলেন, সে পাশে ভিড় অন্য পাশের চেয়ে বেশি। এবার পাললিক সৌরভ প্রকাশ করেছে এই কবি ও কথাশিল্পীর কবিতার বই ৩২ নম্বর মেঘের ওপারে।
প্রথমা প্রকাশন গতকাল এনেছে সৈয়দ আবুল মকসুদের গবেষণামূলক বই স্যার ফিলিপ হার্টগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, মতিউর রহমানের নেওয়া সাক্ষাৎকার ইতিহাসের সত্য সন্ধানে: বিশিষ্টজনদের মুখোমুখি, আন্দালিব রাশদীর উপন্যাস মোনালি। ঐতিহ্য এনেছে রেজাউর রহমানের হিমেল হাওয়া, পাঞ্জেরী প্রকাশনী এনেছে জ্যোতিপ্রকাশ দত্তের স্মৃতিতে নয়, স্বপ্নেও নয়, জয়তী এনেছে ইলোরা আজমীর কিশোর সমগ্র, নির্ণায়ক প্রকাশনী এনেছে অমল কুমার বর্মণের কষ্টের ঐশ্বর্য, অন্বেষা এনেছে নুরুজ্জামান লাবুর হোলি আর্টিজান একটি জার্নালিস্টিক অনুসন্ধান, বটেশ্বর এনেছে খান মাহবুবের পথে দেখা বাংলাদেশ। পুঁথি নিলয় এনেছে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের আমার কথা।

মোনালি, আন্দালিব রাশদী
মোনালি, আন্দালিব রাশদী
স্মৃতিতে নয়, স্বপ্নেও না; জ্যোতিপ্রকাশ দত্ত
স্মৃতিতে নয়, স্বপ্নেও না; জ্যোতিপ্রকাশ দত্ত

এ বছর মেলার পরিসর খানিকটা বাড়ানো হয়েছে। হাজার হাজার বই নিয়ে সুসজ্জিত স্টলগুলো দাঁড়িয়ে আছে প্রশস্ত পথের পাশে। ওই পথ ধরে হেঁটে বেড়ানোর আনন্দ অন্য রকম। শুধু বই কেনাই তো শেষ কথা হতে পারে না। কেনাকাটা শেষ করে হেঁটে বেড়াচ্ছিলেন কৌশিক-হৃদিতা দম্পতি। উপহার দেওয়ার জন্য কিছু বই কিনেছিলেন তাঁরা। জানালেন, নিজেদের জন্য কিনবেন মেলার শেষে। তাম্রলিপি ও শ্রাবণ প্রকাশনীর মাঝবরাবর একটা গাছের নিচে জটলার ভেতরে দেখা যায় মুহম্মদ জাফর ইকবালকে। চেয়ারে বসে অটোগ্রাফ দিচ্ছিলেন তিনি। একটি শিশু সেই জটলা থেকে বের হয়ে আসে যুদ্ধজয়ের আনন্দ নিয়ে। কিন্তু বইটা খুলেই সে দমে যায়। বাবাকে বলে, ‘উনি আমার নাম লেখেননি, শুধু নিজের নাম লিখেছেন।’
গতকাল মেলায় এসেই সেলফি-শিকারিদের খপ্পরে পড়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছেঁকে ধরে প্রায় জোর করেই ছবি তুলছিলেন তরুণ দর্শনার্থীরা। তিনিও সহাস্যে অংশ নিয়েছেন। জানতে চাইলাম, লেখকদের মতো এই জনপ্রিয়তা কেমন লাগছে? বেশ উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, ‘কী যে বলেন, আমরা লেখকদের পড়ে শিখি। আমি তো কর্মী, তাদেরই প্রতিনিধি। সে জন্যই ছবি তোলা।’ বইয়ের থলে হাতে মেলায় ঘুরতে দেখা যায় চিকিৎসক মোহিত কামাল ও অভিনেতা গাজী রাকায়েতকে।
এ তো গেল বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কথা। ঠিক উল্টো পাশে বাংলা একাডেমি চত্বরে বসেছে শিশুদের বইয়ের বিরাট পসরা। গতকাল সকালে শিশুপ্রহরে মা-বাবার হাত ধরে শিশুরা এসে মহানন্দে ঘুরেছে, বই পছন্দ করে কিনেছে। সকালে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। শিশু-কিশোর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ৯০ জন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয় ২৬ জন প্রতিযোগী। বিকেলে মূল মঞ্চে ছিল আলোচনা ‘আবদুল গফুর হালী: জীবন ও কর্ম’। শামসুল হোসাইনের সভাপতিত্বে প্রবন্ধ পড়েছেন নাসির উদ্দিন হায়দার, আলোচনা করেন রাহমান নাসির উদ্দিন ও সাইমন জাকারিয়া। সন্ধ্যার পর সেখানকার মূল মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ছিল লোকগানের পরিবেশনা। বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মেলায় এসেছে ২০১টি বই, মোড়ক উন্মোচন করা হয়েছে ৬২টির।
লিটলম্যাগ চত্বরে যথারীতি বসেছিল তরুণ লেখকদের আড্ডা। নতুন-পুরোনো সংস্করণসহ নিজেদের প্রকাশ করা বইগুলোও পরিবেশন করছে শিরদাঁড়া, শালুক, চারবাক, কবিতাপত্র, অমিত্রাক্ষর, ল্যাম্পপোস্ট, মেঘ, রোদ্দুর, জংশন, দাঁড়িকমা, লোক, শব্দীয়, ধমনী, কোরাস, অনুরণনসহ কত কত লিটলম্যাগ।