মেলায় বড় বড় মাছ বাড়ি বাড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বসা ঐতিহ্যবাহী মাছের মেলা গতকাল সোমবার শেষ হয়েছে। কুশিয়ারা নদীর পাড়ে প্রতিবছর এই মেলা বসে। রেওয়াজ অনুযায়ী পৌষসংক্রান্তির আগের দিন গত রোববার এই মেলা বসেছে।
জেলার কমলগঞ্জেও পৌষসংক্রান্তি উপলক্ষে গতকাল থেকে মাছের মেলা শুরু হয়েছে। এখানে মেলাটি চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। এই মাছের মেলা ঘিরে ওই এলাকার বাড়ি বাড়ি উৎসবের আমেজ বিরাজ করছে ।
শেরপুরে মাছের মেলাটি প্রথমে শুরু হয় কুশিয়ারা নদী ও মনু নদের মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ নামক স্থানে। পরে মনুমুখ নদীভাঙনে বিলীন হলে মেলাটি শেরপুরের হামরকোণা এলাকায় বসতে শুরু করে। প্রায় ৪০ বছর এখানেই মেলাটি বসছে।
গতকাল হামরকোণা মেলায় গিয়ে দেখা যায়, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের ঢল। বোয়াল, রুই, কাতলা, চিতল, বাঘাইড়সহ বিশাল বিশাল মাছ নিয়ে বসে আছেন বিক্রেতারা। বিক্রেতা আবদুল করিম মেলায় আনা তাঁর সবচেয়ে বড় বাঘাইড় মাছটির দাম হাঁকছেন ৭০ হাজার টাকা। মাছটির ওজন এক মণের বেশি বলে জানান আবদুল করিম।
আরেক মৎস্যবিক্রেতা সৈকত মিয়া বলেন, দেশের নদী-হাওর, খালবিল শুকিয়ে যাওয়ায় এখন আগের মতো মাছ নেই। এবার তাই মেলায় বড় মাছ কম। তবে ক্রেতার ভিড় আছে।’
সৈকত মিয়া আরও জানান, গতকাল দুপুর পর্যন্ত প্রায় দুই লাখ টাকার মাছ বিক্রি করেছেন। এ ছাড়া তখন পর্যন্ত বিক্রির অপেক্ষায় থাকা বড় একটি বোয়ালের দাম তিনি চেয়েছেন ২৫ হাজার টাকা। বড় একটি রুইয়ের দাম হাঁকছেন ২২ হাজার। বাজারে ওঠা এ রকম বড় বড় মাছের দাম শুনেই অবশ্য অনেকে শুধু মুঠোফোনে ছবি তুলেই ঘরে ফিরছেন বলে জানান তিনি।
শেরপুর মৎস্যজীবী সমিতির সভাপতি নানু মিয়া জানান, নদীগুলো ভরাট হওয়ায় মাছ কমে গেছে। এ মেলায় সাধারণত দূর থেকেও বড় বড় মাছ নিয়ে আসেন মৎস্যজীবীরা। কিন্তু অবরোধের কারণে এবার মেলায় দূর-দূরান্ত থেকে মাছ আসতে পারেনি। তিনি আরও জানান, মেলায় মাছের ২০টি আড়ত ছিল। দুদিনে প্রায় চার কোটি টাকার মাছ বিক্রি হয়েছে।
এদিকে এই মেলা ঘিরে ওই এলাকায় বসেছে তিলুয়া-বাতাসা, খই-মুড়ি থেকে শুরু করে কাঠের জিনিস, কৃষি যন্ত্রপাতি ইত্যকার নানারকমের পসরা।
কমলগঞ্জের শমশেরনগর ও মুন্সীবাজারে বসেছে মাছের মেলা। গতকাল দুপুরে শমশেরনগর মাছের বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা রুই, কাতলা, মৃগেল, চিতল, বাঘ, বোয়ালসহ নানা জাতের বড় বড় মাছ নিয়ে বসে আছেন। ক্রেতার পাশাপাশি বাজারে একসঙ্গে এত বড় বড় মাছের সমাহার দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক লোকজনও। গতকাল থেকে শুরু হওয়া মাছের এ মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। মেলায় ক্রেতা টানতে দুদিন ধরে এলাকায় মাইকে চলছে প্রচার-প্রচারণা।
এলাকাবাসীর অনেকে জানান, পৌষসংক্রান্তি উৎসব উপলক্ষে এখানকার ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। এ সময় বাড়িতে আত্মীয়স্বজন আসেন। তখন তাঁদের বড় মাছের তরকারি খাওয়ানোটাও এখানকার রেওয়াজ। তাই বছরের এ সময়ে বড় মাছের এ মেলার আয়োজন করা হয়।
শমশেরনগর বাজারের ক্রেতা আক্কল আলী, সুনাই মিয়া, সুবির, সঞ্জয় দাশগুপ্ত ও জয়নাল আবেদীন জানান, বাজারে মোটামুটি ভালোই মাছ উঠেছে। তবে দাম বেশি। দাম শুনেই অনেককে ফিরে যেতে হচ্ছে।
তবে মাছবিক্রেতা মানিক মিয়া ও মন্নান মিয়া দাবি করেন, আগের যেকোনো বছরের তুলনায় এবার অনেক কম দামে মাছ বিক্রি করছেন। এখানে বড় আকারের রুই কেজিপ্রতি ৩০০, বোয়াল ও চিতল কেজিপ্রতি ৬০০ টাকা করে বিক্রি করছেন।