মরমি সুরে মুখরিত সাঁইবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা তিনটা। ভেদাভেদ ভুলে সাধু, ভক্ত ও সহস্রাধিক অনুসারী ধামের চারপাশে সুশৃঙ্খলভাবে মেঝেতে বসে পড়েন। তাঁদের প্রত্যেকের সামনে কলাপাতা। পর্যায়ক্রমে সবাইকে সাদা ভাত, মাছ, কলাইয়ের ডাল, সবজি ও দই দেওয়া হয়। এটাকে বলে পূর্ণসেবা।
এর মধ্য দিয়েই সাধু গুরুদের অষ্টপ্রহর (এক বিকেল থেকে পরের বিকেল পর্যন্ত) শেষ হয়ে যায়। শেষ হয় ফকির লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের ধামে জড়ো হওয়া সাধু গুরুদের সঙ্গ।
তবে লালনের তিরোধান উপলক্ষে লালন একাডেমির আয়োজনের তিন দিনের অনুষ্ঠানের গতকাল ছিল দ্বিতীয় দিন। আজ বুধবার মধ্যরাতে একাডেমির আয়োজন সাঙ্গ হবে। ধামের বাইরে খোলা মাঠজুড়ে মেলায় ভিড় বেশি। সেখানে মঞ্চে রাতভর গান হয়। এর আগে গতকাল মঙ্গলবার ভোরে সূর্য ওঠার মুহূর্তে শুরু হয় গোষ্ঠ গান। সকাল নয়টা পর্যন্ত চলতে থাকে গান। এরপর সাধু গুরুরা বাল্যসেবা নেন। এতে থাকে দই-মিষ্টি বিভিন্ন ধরনের ফল।
বাল্যসেবার পর চলতে থাকে গুরু ভক্তের দৈন্য ও প্রবত্ত (প্রশ্ন-উত্তর) গান। ‘কী করি কোন পথে যায়, মন মাঝি ঠাহর দেখিনি; ভক্ত তাঁর গুরুকে গানের মাধ্যমে এটা বলছে। উত্তরে গুরুর উপদেশ, ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’।
বাউলেরা বলেন, সাঁইজির দর্শনে তাঁরা বুধবার পর্যন্ত এখানেই কাটাবেন। আত্মার টানেই সাঁইজির বারামখানায় ছুটে এসেছেন। ফকির হৃদয় শাহ বলেন, লালন সাঁইজি তাঁর গানের মধ্য দিয়ে জাতপাতহীন সমাজব্যবস্থার দর্শন দেখিয়েছেন। তিনি গানের মধ্য দিয়ে সমাজের ধর্মান্ধ, গোঁড়ামি, শাসকদের পক্ষপাত বিচার ও বৈষম্য দূর করার পথ দেখিয়েছেন। তাঁর মানবমুক্তির আলোকিত সৃষ্টি বাউল গান নিয়ে সারা বিশ্বের ভক্ত ও অনুরাগীরা তাঁকে চেনেন, জানেন ও হৃদয়ে লালন করেন। এদিকে কালী নদীর পাড়ে মেলায় দর্শনার্থীদের সমাগম ছিল বেশি। ধামে থাকা বাউলদের সঙ্গে আসা দর্শনার্থীরাও সুর মেলাচ্ছিলেন। দেশ-বিদেশ থেকে আসা সাঁইজির ভক্তরা মশগুল হয়ে গান শুনছেন।
মঙ্গলবার গভীর রাতে গানবাজনা করেছেন লালন একাডেমির শিল্পীরা। এবারের আয়োজন তিন দিন হওয়ায় প্রথম দিন থেকেই মানুষের ব্যাপক লোকসমাগম। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনেও আখড়াবাড়িতে মানুষের স্রোত দেখা যায়। বিনোদন ও মেলা দেখতে ভিড় বেশি।
গতকাল সন্ধ্যায়ও ছিল লালন একাডেমির আয়োজনে আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আবদুর রউফ। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক আবুল আহসান চৌধুরী।
আলোচনা শেষে রাতভর চলে লালন একাডেমির শিল্পী ও বাউলদের গান। তাঁদের পরিবেশিত সাঁইজির গানের মরমি সুরে মুগ্ধ হয় ছেঁউড়িয়ায় আসা হাজারো শ্রোতা ও অনুরাগী।