মেলায় মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন স্থানের মণ্ডপে দুর্গোৎসব হয়েছে। তবে বারঘরিয়ায় ঐতিহ্যবাহী বাইশ পুতুল সর্বজনীন মণ্ডপ তার আকর্ষণ হারায়নি। গতকাল মঙ্গলবার বিজয়া দশমীতে সেখানে ছিল মানুষের ঢল।
তিন শ বছরের পুরোনো এই মণ্ডপ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হয়ে আছে। দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মেলায় বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের লোকজনের আগমন ঘটে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাইশ পুতুল সমন্বয়ে, অর্থাৎ শিব-গঙ্গা, রাম-লক্ষ্মণ, জয়া-বিজয়া, নন্দী-বিন্দিসহ বিভিন্ন দেব-দেবী ও তাঁদের বাহন মিলিয়ে ২২টি প্রতিমার সমন্বয়ে দুর্গাপূজা না দেখা পর্যন্ত যেন উৎসব জমে না। তাঁদের সঙ্গে যোগ দেন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। এ ছাড়া অন্য ধর্মের লোকজনও মেলায় ভিড় করেন।
বারঘরিয়া বাইশ পুতুল সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মিনাল কান্তি পাল জানান, ১৭০৭ সালে বিত্তশালী ও ধর্মপ্রাণ ধনঞ্জয় সাহা বারঘরিয়া বাইশ পুতুল প্রতিমা তৈরি করেন। দেব-দেবী ও বাহনের একসঙ্গে ২২টি মূর্তি রয়েছে এর মধ্যে। ২২ প্রতিমার সমন্বয়ে এ রকম দুর্গাপূজা দেশের আর কোথাও হয় না। ষষ্ঠীর দিন থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত মেলা চলে। দূরদূরান্ত থেকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা দল বেঁধে মেলা ও প্রতিমা দেখতে আসেন। মেলায় আশপাশের অসংখ্য মুসলমান পরিবারের লোকজনেরও সমাগম ঘটে। বাইশ পুতুলের দুর্গাপূজা ও মেলা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে আছে।
গতকাল মঙ্গলবার বিকেলে মেলায় কথা হয় সদর উপজেলার চম্পাতলার সাঁওতাল নারী দুলর সরেনের সঙ্গে। তিনি সঙ্গে নিয়ে এসেছেন কলেজপড়ুয়া মেয়ে লিলি কিসকু ও ভাতিজি সখিনা কিসকুকে। তিনি বলেন, ‘হামরা হর বছরই (প্রতিবছর) এ মেলায় দল বাইন্ধা (বেঁধে) আসি। পাঁপড় খাই, চুরি-ফিতা, শাঁখা-সিঁদুর কিনি। মেলায় আইস্যা বহুত আনন্দ পাই।’
একই অনুভূতি দেলবাড়ি এলাকার সাঁওতাল নারী সোনামুনি মুরমু, বিল বৈলঠা গ্রামের সারদা কোল টুডুর। তাঁরা জানান, ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা এই মেলায় আসেন।