সাক্ষাৎকার শেষে যোগ্য প্রার্থীদের মেলাতেই হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। আবার অনেকে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হয়ে চাকরি পাওয়ার নিশ্চয়তা পেয়েছেন। আবার অনেকে তাৎক্ষণিকভাবে কোনো সুখবর না পেলেও কখন ডাক পড়বে, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো থেকে সে অপেক্ষায় রয়েছেন। চাকরিপ্রত্যাশীদের সুখবর দিয়ে কিংবা সুখবরের অপেক্ষায় রেখে চট্টগ্রামে গতকাল রোববার শেষ হলো দুদিনব্যাপী চাকরি মেলা।
নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে গত শনিবার সকাল থেকে এ মেলা শুরু হয়। অনলাইন ক্যারিয়ার পোর্টাল ‘চাকরি ডটকম’ মেলার আয়োজক।
গতকাল সকালে মেলার বিভিন্ন স্টলের (চাকরিদাতা প্রতিষ্ঠান) সামনে চাকরিপ্রত্যাশীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে সাক্ষাৎকারের জন্য ডাক পড়ছে একেকজনের। তবে গতকালও অনেক চাকরিপ্রত্যাশী জীবনবৃত্তান্ত নিয়ে হাজির হন। তাঁদের ভিড়ের কারণে আয়োজকেরা সিদ্ধান্ত পাল্টে গতকালও জীবনবৃত্তান্ত জমা নেন।
মেলার আয়োজক চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান উল হক জানান, মেলার প্রথম দিন প্রায় ১০ হাজার জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে আড়াই হাজার প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে ১৭টি চাকরিদাতা প্রতিষ্ঠান। মেলায় তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া ছাড়াও যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। মেলার শেষ দিনেও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার প্রার্থীর জীবনবৃত্তান্ত জমা পড়েছে।
গতকাল সকালে মেলায় হিপস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দেন চাকরিপ্রত্যাশী সোহাগ বড়ুয়া। সাক্ষাৎকার দেওয়ার তিন ঘণ্টা পর বিকেলে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন হিপস অ্যাগ্রোর মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা।
মেলা আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি, এবিসি রেডিও, পেপসি ও কুড়কুড়ে। এ ছাড়া সার্বিক সহযোগিতা করেছে প্রথম আলোর চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।