টেকনিশিয়ান না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ও আলট্রাসনোগ্রাম যন্ত্র দুটি প্রায় দুই মাস ধরে পড়ে আছে। ফলে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের মোটা অঙ্কের টাকা খরচ করে বাইরে থেকে শারীরিক বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর গত বছর ২০১৪ সালের ২২ মে একটি ইসিজি যন্ত্র এবং ৩ জুন একটি ইসিজি ও একটি আলট্রাসনোগ্রাম যন্ত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বরাদ্দ দেয়। যন্ত্র তিনটি একটি কক্ষে রাখা হয়েছে। কিন্তু এগুলো চালানোর জন্য বর্তমানে কোনো টেকনিশিয়ান নেই।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাইজুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের ইসিজি করাতে ৮০ টাকা এবং আলট্রাসনোগ্রাম করাতে ১১০ টাকা করে নেওয়ার কথা। এসব যন্ত্র চালানোর জন্য উপজেলা মা ও শিশুস্বাস্থ্য (এমএনএইচ) প্রকল্পের টাকায় একজনকে গত ১ জানুয়ারি নিয়োগ দেওয়া হয়। প্রকল্প থেকে টাকার বরাদ্দ কমে যাওয়ায় চলতি বছরের জুলাই মাসে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এরপর থেকে আর লোক নিয়োগ করা হয়নি। প্রধান সহকারী আরও বলেন, এ তিনটি যন্ত্র ছাড়াও কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি আট বছর থেকে এবং দন্ত বিভাগে ডেন্টাল চেয়ারসহ অন্যান্য যন্ত্রাংশ সোয়া আট বছর থেকে অচল রয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র তিনটি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে রাখা। কক্ষটি তালাবদ্ধ রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগী মিত্রবাটী গ্রামের আকিমন বেগম (৬৫) বলেন, ‘হাসপাতালে যন্ত্র নেই। এ জন্য হাসপাতালের পাশের একটি ডায়াগনস্টিক কেন্দ্র থেকে ইসিজি, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করাতে আট শ টাকা খরচ হয়েছে। আমাদের মতো গরিব মানুষের এত টাকা জোগাড় করতে যে কী কষ্ট আমিই জানি।’
সেনগাঁও গ্রাম থেকে আসা রোগী আবুল কালাম (৫৬) বলেন, ‘হাসপাতালের মেশিনটা চালু থাকলে ১১০ টাকায় হয়ে যেত। অথচ ৪০০ টাকা খরচ করে বাইরে থেকে আলট্রাসনোগ্রাম করালাম। সরকার কি আমাদের দুঃখ দেখে না?’ বড়বাড়ি গ্রামের হবিবর রহমান (৬০) বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পরীক্ষার শেষ নেই। ইসিজি আর রক্ত পরীক্ষা করতে সাত শ টাকা শেষ হয়ে গেল। হাসপাতালে পরীক্ষার মেশিন চালু থাকলে অল্প টাকায় হয়ে যেত।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, এমএনএইচ প্রকল্প থেকে ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানের বেতনের জন্য টাকা বরাদ্দ পাওয়া যেত। ওই প্রকল্প থেকে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়ায় আগেরজনকে বাদ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সরকারি চিকিৎসক কাম অপারেটর নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরকে (ডিজিজ কন্ট্রোল) চিঠি দেওয়া হয়েছে।