মেশিনে পা কাটা পড়ে চা-শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা-বাগানে আজ বৃহস্পতিবার রোটার মেশিনে পা কাটা পড়ে রতন কুমার গোড়ে (৪৫) নামের এক চা-শ্রমিক মারা গেছেন। শ্রমিকদের অভিযোগ, মেশিনটি সুরক্ষিত না থাকায় এ দুর্ঘটনা ঘটে। কারখানায় অব্যবস্থাপনার অভিযোগ করেছেন শ্রমিকেরা।
আজ দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চা-বাগানের শ্রমিকদের ভাষ্য, রোটার মেশিনে চা-পাতা দিতে গিয়ে রতনের পা মেশিনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাউড়ি প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চা-বাগানের ব্যবস্থাপক শাহদাত্ হোসেন বলেন, ‘আমি এখন হাসপাতালে যাচ্ছি।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি।