মেস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ
মেসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ও হয়রানি বন্ধ করার দাবিতে দিনাজপুর শহরে গতকাল শনিবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করেছেন। এ সময় তাঁরা মেসের ভাড়া নির্ধারণে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।গতকাল শনিবার দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দিনাজপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় শেষ হয়। পরে সেখানে দেড় শতাধিক শিক্ষার্থী ৩০ মিনিট মানববন্ধন করেন।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দিনাজপুর সরকারি কলেজসহ শহরের বিভিন্ন কলেজে ভর্তি হন। দিনাজপুর সরকারি কলেজ ও মহিলা কলেজ ছাড়া কোনো কলেজেই শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নেই। উপরন্তু এ দুটি কলেজের ২৫ হাজার শিক্ষার্থী লেখাপড়া করলেও মাত্র ৮০০ জনের আবাসনের সুবিধা আছে। এ কারণে বেশির ভাগ শিক্ষার্থী শহরের মেস ভাড়া নিয়ে লেখাপড়া করেন।শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মেসের মালিকেরা কোনো নিয়মের তোয়াক্কা না করে মাসে মাসে ভাড়া বাড়াচ্ছেন। একটি ছোট কক্ষে তিনটি সিট থাকে। সিটপ্রতি মাসিক ভাড়া ছয় মাস আগে ছিল ৩৫০ টাকা। বর্তমানে বাড়িয়ে তা ৫০০ থেকে ৭০০ টাকা করা হয়েছে। ৩০ জন মেয়ের জন্য মাত্র দুটি শৌচাগার। সীমিত পানি ব্যবহার করতে হয়। মালিকেরা পানির মেশিন ছাড়তে চান না। সন্তানদের খবর নিতে এলে অভিভাবকদের হয়রানি করা হয়। মা বা বোন এক রাতের জন্য ছাত্রীদের মেসে থাকতে চাইলে ২০ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হয়।দিনাজপুর কলেজসংলগ্ন সুইহারী এলাকার মেসের মালিক সোলায়মান মোল্লা বলেন, সব জিনিসের দাম বেড়েছে। যে ব্যক্তি মেসের মালিক, তিনি ভাড়া নির্ধারণ করেন। শিক্ষার্থীদের না পোষালে তাঁরা থাকবেন না। শিক্ষার্থীদের তাঁরা কোনো হয়রানি করেন না।দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিঞা জানান, শিক্ষার্থীরা মেসের ভাড়া বৃদ্ধি বন্ধসহ অন্য দাবিগুলোর বিষয়ে তাঁদের কিছু জানাননি এবং এ বিষয়ে কোনো অভিযোগও করেননি।