মেসি আপনাদের হোটেলে খায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল
নোবেল

সরাসরি স্টকহোম থেকে নোবেল সপ্তাহ নিয়ে লিখব, এ এক দারুণ আনন্দ। কিন্তু গত রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর থেকে সময়টা যেন প্রতিকূল। তবু নোবেল বলে কথা!
ফ্লাইট বিড়ম্বনা: ঢাকা থেকে কাতারের দোহায় পৌঁছানোর পর যখন ‘স্টকহোম’ লেখা একটা বোর্ড নিয়ে একজন বিমান ক্রুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন মনে হলো, যাক! আমরা বুঝি কানেকটিং ফ্লাইটটা ধরতে পারব! রোববার সকালে কুয়েত এয়ারলাইনসের ঢাকা-দোহা ফ্লাইট সময়মতো ছাড়েনি। প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ায় দোহা-স্টকহোম ফ্লাইটটি ধরতে পারব কি না, তা নিয়েই শঙ্কা ছিল। শঙ্কারই জয় হলো। বিমান ক্রু যথেষ্ট বিনয়ের সঙ্গে বললেন, ‘আপনাদের হোটেলের ব্যবস্থা আছে। সামনের সরাসরি স্টকহোমের ফ্লাইট আছে সোমবার সকাল সাতটায়।’ হাহাকার করে উঠল আমার মন! ৫ ডিসেম্বর সকালের প্রেস কনফারেন্সটা তাহলে আর ধরতে পারছি না! যে নোবেল সপ্তাহটি শুরু হচ্ছে, তার কোথায় কী হবে, সেটা জানা যেত এই সংবাদ সম্মেলনে থাকতে পারলে! বিধি বাম!
দোহায় মেসি-কাহিনি: দোহা এয়ারপোর্টে কত কিছুই না ঘটল। এখানেই দেখা হলো নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তফা আজিজের সঙ্গে। সুইডেনে মাস্টার্স করার সুবাদে তিনিও নোবেল সংলাপে অংশ নেওয়ার জন্য এসেছেন। যতক্ষণ আমাদের দোহায় ঢোকার আইনি ব্যবস্থা করা হচ্ছিল, ততক্ষণ অনেক দিকেই চোখ গেল। একেকটা ফ্লাইট আসে আর নানা বর্ণের, নানা দেশের, নানা ভাষার মানুষ দ্রুত আমাদের অতিক্রম করে চলে যায়। এই গল্প এখানে নয়, তবে একটা গল্পের খানিক আভাস দিয়ে রাখি। আমাদের মতোই পরিবারসমেত বার্সেলোনার ফ্লাইট সময়মতো ধরতে পারেননি মতিন মিয়া। যখন তাঁকে বললাম, ‘বার্সেলোনায় থাকেন আপনি! তাহলে তো মেসির খেলা দেখেছেন!’
খুবই সহজভাবে মতিন মিয়া বললেন, ‘মেসিকে দেখতে হলে স্টেডিয়ামে যেতে হবে কেন? ও তো মাঝে মাঝে আমাদের হোটেলে খায়!’
‘মেসি আপনাদের হোটেলে খায়!’
‘মেসি, পিকে! ওদের তো সামনাসামনি দেখি!’
এই আলোচনার পুরোটা অন্য কোথাও বলা যাবে। এখানে এটুকু বলার কারণ হলো, মতিন মিয়ার বার্সেলোনার গল্প শুনে নিরানন্দ মনটা তখন ভরে গিয়েছিল, তাই পাঠককেও সে সুখের ভাগ দেওয়া গেল। রাতের দোহায় ঘুরে বেড়ানো, তুর্কি হোটেলে ‘ওয়ান কেজি মিক্সড গ্রিল’-এর অতুলনীয় স্বাদ পাওয়া গিয়েছে ফেসবুকের কল্যাণে। দোহায় রাতে থাকছি, তা ফেসবুকে জানাতেই কুয়েতে থাকা এক বড় ভাই কাতারের দুই রুশ-ফেরতা জালাল ভাই আর অঞ্জনকে আমার উপস্থিতির কথা জানালেন। তাঁরা রাতের কুয়েত ঘুরিয়ে দেখালেন। বিদেশবিভুঁইয়ে দেশি মানুষকে কাছে পেলে বাঙালিদের আতিথেয়তায় মুগ্ধ হতে হয়।
অবশেষে স্টকহোম
কটায় স্টকহোমে পৌঁছাব, তা নিয়ে ছিল সংশয়। কেউ বলছিল বিকেল চারটা বেজে যাবে, কেউ বলছিল ছয়টা। কিন্তু আগের অভিজ্ঞতায় জানি, ছয় ঘণ্টা-সোয়া ছয় ঘণ্টার মধ্যে স্টকহোমে পৌঁছে যায় প্লেন। এখানে বলে রাখি, ঢাকা থেকে দোহায় পৌঁছাতেই ঘড়ি এগিয়ে গেছে তিন ঘণ্টা। অর্থাৎ ঢাকায় যখন দুপুর ১২টা বাজে, দোহায় তখন সকাল নয়টা। সেই হিসাবেই স্টকহোমে তখন সকাল সাতটা। প্লেন যখন স্টকহোমে নামল, তখন ঘড়িতে সাড়ে ১১টা দেখে বিস্মিত হলাম। সময়ের ওই পরিবর্তনের কারণেই যে আগে এসে পৌঁছালাম, সেটা বুঝতে একটু সময় লেগেছে।
আরলান্ডা এয়ারপোর্ট থেকে প্রায় জনশূন্য রাস্তা ধরে স্টকহোমে পৌঁছানো, মেট্রো-বাস গুলিয়ে ফেলে অগত্যা ট্যাক্সিতে করে হোটেলে পৌঁছানো, সে এক দারুণ অভিজ্ঞতা। আজ মঙ্গলবার থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি দিনই স্টকহোম সাজবে নোবেলের রঙে। কীভাবে কী করব, তা নিয়েই পরিকল্পনা করতে থাকি। এখানে কেউ এসে আমাকে জায়গামতো নিয়ে যাবে না। দেশে থাকতেই বেশ কিছু বিষয়ে অংশ নেওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম, তার কিছু পেয়েছি, কিছু পাইনি।
৯ ডিসেম্বর নোবেল সপ্তাহ সংলাপ। এবারের বিষয় ‘ইয়োর প্লেট-আওয়ার প্লানেট: দ্য ফিউচার অব ফুড’। স্টকহোম সিটি কনফারেন্স সেন্টারে এ বিষয়ে নোবেল বিজয়ীরা কথা বলবেন। আর ১০ ডিসেম্বর তো সেই অসাধারণ দিন। এদিন নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। খুবই আক্ষেপের কথা, সাহিত্যের জন্য নোবেল পাওয়া বব ডিলান এ অনুষ্ঠানে থাকছেন না। আরলান্ডা বিমানবন্দরে বাসের জন্য অপেক্ষা করতে করতে কয়েকজন সুইডিশের সঙ্গে কথাচ্ছলে বিষয়টা তুললে তাদের দিক থেকে তেমন কোনো উৎসাহ দেখলাম না। একজন শুধু বললেন, ‘ওকে আমরা মিস করব।’
স্টকহোম শহরের আকাশে দিনে সূর্য ওঠেনি। কনকনে ঠান্ডা বাতাস বইছে। দুপুরবেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। আনন্দ সংবাদ: কাল নাকি সূর্য উঠতে পারে!