পুরান ঢাকার নারিন্দায় একটি মেসের কক্ষে গত বুধবার রাতে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এতে মো. সুমন (৩৪) নামের এক ব্যবসায়ী ও তাঁর দুই কর্মচারী শহীদুল ইসলাম ও সাকিব দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সুমন মারা যান।
হতাহতের স্বজনদের অভিযোগ, সোহাগ ও রাজীব নামের দুই যুবক দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেন। পুলিশ জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, নিহত সুমনের শরীরের ৮৫ ভাগ পুড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি মারা যান। চিকিৎসাধীন শহীদুলের শরীরের ৮৫ ভাগ ও সাকিবের শরীরের ৩২ ভাগ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নারিন্দা মোড় এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় হামীম হোটেল নামে সুমনের একটি রেস্তোরাঁ রয়েছে। ওই বাড়ির দোতলায় মেস। এর একটি ঘরে তিনি দুই কর্মচারী শাকিব ও শহিদকে নিয়ে থাকতেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মেসের ওই ঘরের জানালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন ও তাঁর দুই কর্মচারী ঘুমিয়ে ছিলেন। আগুনে পুড়ে তাঁরা জেগে ওঠেন। তবে বাইরে থেকে দরজায় তালা দেওয়া থাকায় বের হতে পারেননি। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তালা ভেঙে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনেন। সুমনের স্ত্রী মিনারা আক্তার দুই ছেলেমেয়েকে নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর তাঁর পৈতৃক বাড়িতে থাকেন।
ওয়ারী থানার পুলিশ বলেছে, রেস্তোরাঁর দ্বিতীয় তলার পাঁচটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে একটি ঘর থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে অন্য ঘরের বাসিন্দারা ছুটে যান। তাঁরা বাইরে থেকে তালা দেওয়া দেখে তা ভেঙে তিনজনকে উদ্ধার করেন। আগুনে পুরো কক্ষের মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গেলেও এর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
পুলিশের ওয়ারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সুমন হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছেন, তাঁর সাবেক দুই কর্মচারী সোহাগ ও রাজীব বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়েছেন। ওই দুজন তাঁর পাশের কক্ষে থাকতেন। সোহাগ ও রাজীব একসময় সুমনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। তাঁরা মাদকাসক্ত ছিলেন। এ কারণে সুমন তাঁদের শাসন করতেন এবং তাঁদের কাছে পাওনা টাকা চাইতেন। এতে তাঁরা সুমনের ওপর ক্ষুব্ধ ছিলেন।
নিহত সুমনের ভাই রাজন মিয়া বলেন, সুমন চার বছর আগে সোহাগ ও রাজীবকে মোটর যন্ত্রাংশের ব্যবসার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা ধার দিয়েছিলেন। গত সপ্তাহে সোহাগ ও রাজীব ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন। সুমন তাঁদের ছাড়িয়ে আনেন। এরপর তাঁদের কাছে টাকা চাইলে সোহাগ ও রাজীব টালবাহান করতে থাকেন। এ নিয়ে বুধবার দুই পক্ষে তুমুল বাগ্বিতণ্ডা হয়।