মেসে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ শহিদুলেরও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নারিন্দায় মেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ শহিদুল ইসলাম (১৬) গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে তাকে হার মানতে হলো।
এ নিয়ে ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো। এর আগে বার্ন ইউনিটে মারা যান শহিদুল যে ওয়ার্কশপে কাজ করত তার মালিক মো. সুমন (৩৪)। ওই ঘটনায় দগ্ধ অপর কর্মচারী সাকিব শিকদার (২৩) বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটজনক।
ওই আগুন লাগানোর ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব ও সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, ৯ ডিসেম্বর গভীর রাতে নারিন্দা মোড়ে একটি বাড়ির তৃতীয় তলায় মেসের কক্ষের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়া হলে ব্যবসায়ী মো. সুমন ও তাঁর দুই কর্মচারী শহিদুল ইসলাম ও সাকিব শিকদার দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধোলাইখালে সুমনের আহমেদ ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপ রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সুমন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শহিদুল চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে মারা যায়।
শহিদুলের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সে তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তার বাবা সোলায়মান মিয়া পেশায় কৃষক।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল গতকাল প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন সাকিবের অবস্থাও সংকটাপন্ন। তাঁর শরীরের ৩২ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালে শহিদুলের বড় ভাই সোহেল আহমেদ কান্নাজড়িত কণ্ঠে গতকাল প্রথম আলোকে বলেন, মেকানিক হওয়ার জন্য শহিদুলকে বছর খানেক আগে সুমনের ওয়ার্কশপে দেওয়া হয়েছিল। তাকে মাসে আড়াই হাজার টাকা বেতন দেওয়া হতো। তার মালিকের সঙ্গে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আগুন দিলে সে পরিস্থিতির শিকার হয়েছে।
গ্রেপ্তার নেই: বৃহস্পতিবার আগুন লাগিয়ে হতাহতের ঘটনায় আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক কর্মচারী রাজীব ও সোহাগের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন সুমনের ভাই সাহাবউদ্দিন। কিন্তু পুলিশ গতকাল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। রাজীব নিহত সুমনের ভাগনে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেহাদ হোসেন বলেন, হত্যায় রাজীব ও সোহাগের জড়িত থাকার তথ্যপ্রমাণ মিলছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, দোকানের সাবেক কর্মচারী রাজীব ও সোহাগ একসময় সুমনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ধোলাইখালে তারেক নামের এক ব্যক্তির সঙ্গে মোটর পার্টসের যৌথ ব্যবসা শুরু করেন। একপর্যায়ে রাজীব ও সোহাগ মাদকাসক্ত হয়ে পড়েন। বিনিয়োগ করা টাকা তাঁরা তারেকের কাছে ফেরত চান। তারেক ওই টাকা সুমনকে দিতে চান। কিন্তু সুমন তাঁর ভাগনে রাজীব ও সাবেক কর্মচারী সোহাগকে বলে দেন, তিনি তাঁর পাওনা টাকা কেটে রেখে বাকি টাকা তাঁদের দেবেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার নেয়। রাজীব ও সোহাগ আগে সুমনের মেসের পাশের কক্ষে থাকলেও দুই দিন আগে অন্যত্র বাসা নেন।
পুলিশের ওয়ারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন বলেন, সুমন হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন, তাঁর দোকানের সাবেক দুই কর্মচারী সোহাগ ও রাজীব বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়েছেন। তাঁরা মাদকাসক্ত ছিলেন। এ কারণে তিনি তাঁদের শাসন করতেন ও তাঁদের কাছে পাওনা টাকা চাইতেন। এতে তাঁরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।