মেসে বিস্ফোরণে দগ্ধ ছাত্রীর মৃত্যু
কুমিল্লায় মেসে বিস্ফোরণে দগ্ধ হওয়া ছাত্রী ফাহমিদা হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান ফাহমিদা। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফাহমিদার বাবা আবু হাসান বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মেয়ের মৃত্যু হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন ফাহমিদা। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে। তাঁর বাবা আবু হাসান ইউনিয়ন পরিষদের সচিব।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর গ্রামে ‘প্রশান্তি’ নামের বাসার নিচতলায় বিস্ফোরণে দগ্ধ হন ফাহমিদা। বিস্ফোরণে নিচতলার জানালার গ্রিল উড়ে যায়, কাচ ভেঙে যায়। নিচতলায় মেস করে থাকতেন ছাত্রীরা।
ঘটনার পরদিন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার পুলিশ সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা করে। ফাহমিদা ছাড়া মামলার অপর দুই আসামি নুরুন্নাহার ও মর্জিনা আক্তার।
নুরুন্নাহার বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মর্জিনা হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এই দুই ছাত্রী গ্রেপ্তার আছেন। তাঁদের রিমান্ডেও নেয় পুলিশ।
মর্জিনার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামে। তাঁর বাবা আলী মিয়া। নুরুন্নাহারের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জগজীবনপুর গ্রামে। তবে তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর রায়েরবাগসংলগ্ন মেরাজ নগরে থাকেন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনের ভাষ্য, ভয়াবহ তরল–জাতীয় কিছু বানাতে গিয়ে ফাহমিদা দগ্ধ হন। এ সময় পাশের কক্ষে থাকা নুরুন্নাহার ও মর্জিনা তাঁকে সহযোগিতা করেন। তিন ছাত্রীই ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।