শেওড়াপাড়ায় জোড়া খুনের প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন মিলনকে আজ রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বেলা তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় গত শুক্রবার জোড়া খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন খায়রুল বাশার (৩০) ও মো. আনোয়ারুল হক ওরফে রাজীব (২৭)। পুলিশ গত শুক্রবার ওই এলাকার একটি মেস থেকে তাঁদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে তাঁদের শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, খায়রুল খাদ্য উত্পাদনকারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মিরপুর ১০ নম্বর ছিল তাঁর কর্ম এলাকা। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদরের বুড়িরহাটে। অপর যুবক আনোয়ারুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনটে বলে জানা গেছে। দুজনই ওই মেসে থাকতেন।

আজ সকালে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘খায়রুল ও আনোয়ারুলের সঙ্গে একই মেসে থাকতেন মিলন। হত্যাকাণ্ডের পর থেকেই মিলন পলাতক। খুনের ঘটনায় তাঁকে খুঁজছে পুলিশ। মিলনকে পাওয়া গেলে এ হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে বলে আমাদের ধারণা। মিলনের বাড়ি বগুড়ায়। রাজধানীর বাড্ডায় একটি আসবাবের দোকানে কাজ করতেন তিনি।’

উপকমিশনার জানান, হত্যাকাণ্ডের পর মেস থেকে তিনটি কম্পিউটার, দুটি মোবাইল ফোনসেট খোয়া গেছে। এগুলোর খোঁজ করা হচ্ছে। মেসের গৃহপরিচারিকা বকুলকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। নিহত খায়রুলের চাচা শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় বকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বকুলের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে ঘটনার তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) সঙ্গে যৌথভাবে এই তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিপ্লব কুমার সরকার আরও জানান, নিহত খায়রুলের ব্যাংক অ্যাকাউন্টে তাঁর ভগ্নিপতি সম্প্রতি সাত লাখ টাকা পাঠিয়েছিলেন। ওই বিষয়েও তাঁরা খোঁজখবর নিচ্ছেন। আজ খায়রুলের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হবে। এর মাধ্যমে জানা যাবে, কারা ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।

এদিকে খায়রুলের চাচা মোস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, তাঁর ভাইয়ের ছেলের মরদেহ গতকাল তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের বুড়িরহাটে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহত অপরজন রাজীবের দাফনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।