মেসের রান্নাঘর থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার আল রাজী মেসের রান্নাঘর থেকে গত শুক্রবার রাতে এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অলিউল্লাহ (২৫) নামের ওই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামী শিক্ষা চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভুলুইন উত্তর ইউনিয়নের মহিষবন্দ গ্রামে।গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে পাঁচটায় অলিউল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে নিহত শিক্ষার্থীর ভাই আনোয়ার উল্লাহ থানায় অপমৃত্যু মামলা করেন। ধারণা করা হচ্ছে, ব্যবসার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই রহস্যময় হত্যাকাণ্ড ঘটতে পারে।পুলিশ ও সরেজমিনে একাধিক সূত্র থেকে জানা গেছে, নগরের টমছমব্রিজ এলাকার রুমি হায়দারের আল রাজী মেসে ১১ জন সদস্য থাকেন। ওই মেসের একটি কক্ষে অলিউল্লাহসহ পাঁচজন থাকতেন। গত শুক্রবার বিকেল সোয়া পাঁচটার পর ওই মেসের কাজের বুয়া এসে দেখেন রান্নাঘরের চেয়ারে বসা অলিউল্লাহ। তাঁর হাতে কেনোলা (একাধিক স্যালাইন বা ইনজেকশন লাগানোর জায়গা) লাগানো। পাশের টেবিলে মাছ মারার দুটি কীটনাশকের বোতল, অনেকগুলো বড়ি ও দুটি ইনজেকশনের সিরিঞ্জ ছিল। তাঁর গায়ের গেঞ্জিতে রক্তের ছোপ। খবর পেয়ে সন্ধ্যা সাতটায় পুলিশ আসে। রাত নয়টায় কোতোয়ালি মডেল থানার পুলিশ তাঁকে থানার লাশঘরে নিয়ে রাখে। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম ভূঁইয়া। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, অলিউল্লাহ ওই মেসের সদস্য বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন উল্লাহর সঙ্গে হজের ট্রাভেল এজেন্সি ও মাছের ব্যবসা করতেন। এ ব্যাপারে আমিন উল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনো জবাব মেলেনি।অলিউল্লাহর ভাই হেদায়েত উল্লাহ বলেন, ‘একমাস আগে সজীব নামের এক লোকের মাধ্যমে ওই মেসের দেলোয়ার তাঁর ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড থেকে দুই দফায় ৪০ হাজার টাকা নিয়ে যায়। এ নিয়ে অলিউল্লাহ হতাশ ছিল। অলিউল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। সে কোনোভাবেই এভাবে মরতে পারে না। শুক্রবার বিকেলেই আমার বাসায় যাওয়ার কথা ছিল।’কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ আরও বলেন, ‘এটি হত্যাকাণ্ড না অন্য কিছু, আমরা তদন্ত করে দেখছি।’