মেহনতি মানুষের দাবি আদায়ে চাই ঐক্যবদ্ধ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলমত-নির্বিশেষে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া মেহনতি মানুষের দাবি আদায় করা সম্ভব হবে না। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির নবম সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শ্রমিকনেতা আহসান উল্লাহ চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।
বক্তারা বলেন, শ্রম শোষণ করে, ব্যাংক আর জনগণের টাকা লুটপাট করে কোটিপতি হয়েছে অনেক মালিক। শ্রমিকদের অধিকার আদায়ে তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, শ্রমবিধির অনেক ধারা শ্রমিক স্বার্থের পরিপন্থী। শ্রম আইনে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। ঠিকাদারি প্রথায় শ্রমিক নিয়োগের আইন প্রণয়ন করে শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অধিবেশনের শুরুতে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। উদ্বোধন শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয়।