মেহারণের 'মহারণ'
বাড়িটির নাম দালাল (দাস) বাড়ি। লোকসংখ্যা প্রায় ৮ হাজার, ভোটার ২ হাজার ৫৫। ওই বাড়ি নিয়েই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহারণ গ্রাম। ওই গ্রাম নিয়েই নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ওই বাড়ির দুই বেয়াই ও এক ভাতিজা ভোটযুদ্ধে নেমেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ সদস্য পদে ওই বাড়ির তিন প্রতিদ্বন্দ্বী হলেন উত্তম কুমার দাস, নগেন্দ্র চন্দ্র দাস ও প্রার্থনা দাস। এঁদের মধ্যে নগেন্দ্র চন্দ্র দাস ও প্রার্থনা দাস সম্পর্কে বেয়াই। উত্তম কুমার দাস তাঁদের ভাতিজা।
সূত্র জানায়, ওই বাড়ির জগন্নাথ মন্দিরের দখল ও আয়-ব্যয়কে কেন্দ্র করে ৫০ বছর ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধুবাবা ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উত্তম কুমার দাস। উত্তম কুমার দাস ও নগেন্দ্র চন্দ্র দাস বাড়ির একই দলে (উত্তম পক্ষ) থাকলেও ভোটের মাঠে এবার তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। আর প্রার্থনা দাস সাধুবাবা গ্রুপের। উত্তম কুমার বলেন, আগে তিনবার নির্বাচিত হয়েছেন। বাড়ির ভোটাররা এবারও তাঁকেই জয়ী করবেন। নগেন্দ্র চন্দ্র দাস বলেন, জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। ভোটাররা এবার অতীতের ভুল করবেন না। প্রার্থনা দাসের বক্তব্য পাওয়া যায়নি।