মেহেদির রং না মুছতেই নিভে গেল প্রাণবায়ু
বধূটির হাতে মেহেদির রং। তখনো পুরোপুরি মুছে যায়নি। কিন্তু হঠাৎ বাস-মাইক্রোবাসের সংঘর্ষ। স্বামীসহ তাঁর প্রাণবায়ু নিভিয়ে দিয়ে গেছে। আরও কেড়ে নিয়েছে তাঁর নানা শ্বশুর, খালা শাশুড়িসহ ছয়জনের প্রাণ। মুছে দিয়ে গেছে সব সুখের স্বপ্ন–সাধ। এখন তাঁরা কবরে, শুয়ে আছেন চিরনিদ্রায়।
নিহত ছয়জন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের গৃহকর্তা করিম গাজি (৬০), তাঁর মেয়ে খায়রুন্নেছা বিবি (৩৫), নাতি নাজমুল হোসেন (২২) ও নাতবউ আরিফা খাতুন (১৯) এবং ব্রহ্মশাসন গ্রামের মাইক্রোবাসচালক আনিসুর রহমান (২৫) ও তাঁর সহকারী ভাগনে জাহিদ হাসান (১৯)।
নাজমুলের সঙ্গে মাত্র ২০ দিন আগে বিয়ে হয় উপজেলার হরিনগর গ্রামের আরিফার। নাজমুলের খালা খায়রুন্নেছা দীর্ঘদিন পর ওমান থেকে দেশে ফিরে আসছিলেন। তাঁকে স্বাগত জানতে পরিবারের সদস্যদের সঙ্গে শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন আরিফা ও নাজমুল। তাঁরাও এক দিন ওমানে পাড়ি জমাবেন, এমন স্বপ্ন ছিল। খালা তাঁদের সহযোগিতা করবেন। খালার সঙ্গে সবাই মিলে একই মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টা। মাইক্রোবাসটি তখন ঢাকা-খুলনা সড়কের ফরিদপুরের মধুখালীর কাজীররাস্তায় পৌঁছায়। তখনই হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিকট শব্দে সংঘর্ষ। এতে ছয়জন নিহত হন। এ ছাড়া খায়রুন্নেছার দুই ছেলে আবদুর খায়ের গাজী ও সাইফুদ্দিন গুরুতর আহত হন। তাঁরা ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন।
পরানপুর গ্রামের বাড়িতে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে চারজনের লাশ আনা হয়। বাড়ির বাইরে তখন চলছিল পাশাপাশি তিনটি কবর খোঁড়ার কাজ। স্বামী করিম গাজির লাশের দিকে তাকিয়ে বুকফাটা আর্তনাদ করেন রুপিয়া বিবি। দেখেন মেয়ে খায়রুন্নেছা নিথর শুয়ে আছেন। মেহেদি পরা নাতবউ ও নাতি এখন কেবলই লাশ। এ দৃশ্য দেখে তিনি পাগলপ্রায় এবং মূর্ছা যান।
বুক চাপড়ে বিলাপ করেন রুপিয়া বিবির ছেলে কৃষিশ্রমিক লুৎফর রহমান। তিনি বলেন, ‘কেন ওরা একসঙ্গে ঢাকায় গেল। এখন আমরা কাদের নিয়ে বাঁইচ্যা থাকব। সুখের সংসারে এত লাশ আমরা কই রাখব।’
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম বলেন, গতকাল রোববার সকালে করিম গাজি, তাঁর মেয়ে খায়রুন্নেছা ও নাতি নাজমুলের লাশ তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরিফার লাশ দাফন করা হয়েছে তাঁর বাবার বাড়ি শ্যামনগরের হরিনগর গ্রামে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, মাইক্রোচালক আনিসুর রহমান ও তাঁর ভাগনের লাশ ব্রহ্মশাসন গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।