মেহেদির রং না মুছতেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের মেহেদির রং না মুছতেই পৃথিবীর মায়া ত্যাগ করল অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা সিদ্দিকা (১৩)। গত রোববার সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। বাবার বাড়ির শয়নকক্ষের ভেতরের বারান্দায় আয়শার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি আরকেএম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। আয়শা উপজেলার দক্ষিণ রামশালা গ্রামের প্রবাসী বাবলুর রহমানের ছোট মেয়ে। মৃত্যুর কারণ জানা যায়নি। এক মাস আগে আক্কেলপুর পৌর সদরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা সবুজের সঙ্গে আয়শার বিয়ে দেওয়া হয়। বাবার বাড়িতে থেকেই সে পড়াশোনা করত, বিয়ের পর তার শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। মেধাবী ছাত্রী আয়শা সিদ্দিকার মা শিউলি জানান, তাঁর মেয়ে বাড়িতে লেখাপড়া করছিল। তিনি বাইরে সাংসারিক কাজ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে কাজ শেষে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের দরজায় তালা দেওয়া। এরপর তিনি পাশের বাড়িতে মেয়ের খোঁজ করেন। কোথাও না পেয়ে আবারও বাড়ি ফিরে ডাকাডাকি করেন। একসময় প্রতিবেশীরা জানালা দিয়ে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শিউলি বলেন, ‘স্বামীর সঙ্গে আয়শার সম্পর্ক ভালো ছিল। কী কারণে সে আত্মহত্যা করল, তা বলতে পারছি না।’ মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার কারণ তিনি সম্পর্কে বলেন, ‘পাড়ার বখাটেদের উৎপাত এড়াতে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলাম।’সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য কাফি জানান, মেয়েটির বাবা বছর পাঁচেক আগে দুবাই গেছেন। এক মাস আগেই অভিভাবকেরা মেয়েটির বিয়ে দেন। হাতের মেহেদির রং না মুছতেই পৃথিবী ছাড়ল মেয়েটি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, আয়শা সিদ্দিকা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।