মেহেদী এখন নিজ হাতে খেতে পারে

টি-শার্টটি নিজেই পরল। মুঠোফোনে কার্টুন ছেড়ে খিল খিল করে হেসে উঠছে। কাছে গিয়ে মেহেদী হাসান কে জিজ্ঞেস করতেই বলে উঠল, ‘আমিই মেহেদী।’ বিরল চর্মরোগে আক্রান্ত নয় বছর বয়সী মেহেদী প্রাণচঞ্চল ও কথায় বেশ পটু। তবে এখন সে অনেকটাই ভালো।
নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবুল কালাম আজাদ ও জাহানারার ছেলে মেহেদী হাসান। জন্মের কিছুদিন পরেই ছেলের শরীরে দানার মতো উঠতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কালো হয়ে পুরু হয়ে যায়। ছড়িয়ে পড়ে প্রায় সারা শরীরে। সেই থেকে ছেলের নানা চিকিৎসা করিয়েছেন। লাভ হয়নি। হাত-পায়ের তালুর চামড়া পুরু হয়ে ফেটে যায়। লোকে ‘পাথর শিশু’ নামেও ডাকতে থাকে।
মেহেদী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে ভর্তি। বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন সোমবার প্রথম আলোকে বলেন, ‘ওর সমস্যাটি জিনগত। আমাদের শরীরের চামড়াগুলোর ময়লা পড়ে যায়, কিন্তু মেহেদীর চামড়ার ময়লা না পড়ে সেটা জমে শক্ত হয়ে থাকে।’ তিনি আরও জানান, এ রোগ বিশ্বে প্রতি দুই-তিন লাখে একজনের হয়। আর ওর পরিমাণটা অনেক বেশি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, রোগটির নাম এপিডারমোলাইটিক হাইপার কারাটোসিস।
মেহেদীর সুস্থতার ব্যাপারে এই অধ্যাপক বলেন, ‘সম্পূর্ণ সুস্থ করতে হলে ওর জিন রিপেয়ার করতে হবে; যা এখন পর্যন্ত এখানে সম্ভব নয়। তবে নিয়মিত চিকিৎসা নিলে ভালো থাকবে।’
মেহেদীর শরীরের চামড়ার পুরু অংশ এখন অনেকটাই নেই। কর্তব্যরত নার্স ও একজন কনসালট্যান্ট বলেন, শুরুতে ওকে স্বাভাবিক মানুষের মতো মনে হতো না। এখন শরীরের অবস্থা প্রায় ৮০ শতাংশই ভালো। হাসপাতালের সমাজকল্যাণ বিভাগ থেকে ওকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত রোববার হাসপাতালে কথা হয় মা-ছেলের সঙ্গে। মেহেদী রানীনগরের স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। তবে স্কুলে বেশি দিন যেতে পারেনি। সে বলে, ‘স্কুলে গেলে অন্যরা ভয় পাইতো। আমারে মারিতো। তাই স্যাররা যাতি না করিচ্ছে।’ মেহেদীর মা জাহানারা বলেন, ছেলে ঘর থেকে খুব একটা বের হতো না। মানুষ ভয় পেত। অচ্ছুত মনে করত সবাই। যে চিকিৎসারই খোঁজ পেয়েছেন, তাই করিয়েছেন।
মেহেদীর বাবা ভ্যানচালক। তিন সন্তানের মধ্যে মেহেদী ছোট। খরচ কুলাতে না পেরে এবং কোনো উন্নতি না দেখে বাবা আশাই ছেড়ে দেন। জাহানারা বলেন, ‘মায়ের মন, পোলাডার দিকে তাকালি মনডা খারাপ করে।’ তিনি আরও বলেন, পাঁচ বছর আগে একবার ঢাকা মেডিকেলে এসেছিলেন। কিন্তু ভালো হয়নি। স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা নিয়মিত যেতেন বাসায়। ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেওয়া হয়। চারদিকে জানাজানির পরেই ফেব্রুয়ারিতে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হন।
জাহানারা বলেন, ছেলের চামড়া এখন অনেকটাই পরিষ্কার। আগে সে নিজ হাতে খেতে পারত না। হাঁটতেও কষ্ট হতো। বাথরুমে নিতে হতো কোলে তুলে। সে এখন নিজ হাতেই খায়। বিকেল হলে হাসপাতালের বারান্দায় ছোটাছুটি করে। কিন্তু কত দিন থাকতে হবে তা জানেন না। এখন আবার হাত-পায়ের তালুর চামড়া ফাটা শুরু করেছে।
মেহেদী এই প্রতিবেদককে ছড়া শোনায়। বাংলা পড়তে পছন্দ করে। গল্প তার খুব প্রিয়। সুযোগ পেলেই দেখে মোটু-পাতলু, গোপাল ভাঁড়ের কার্টুন। পরিচিতজনদের ফোন দিয়ে শাসনের সুরে তাকে দেখতে আসার জন্য বলে। পড়াশোনা করে ডাক্তার হতে চায় মেহেদী। বিনা মূল্যে সেবার প্রসঙ্গ তুলতেই সে বলে, ‘মানুষের সেবা করতি টাকা লওয়া লাগে নাকি।’