নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
মেহেদী সভাপতি, রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী মাহমুদুল হাসান সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শ্রেণিকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন ফল ঘোষণা করেন।
নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মুহাম্মদ মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সোহরাব হোসেন এবং সদস্য আরিফুর রহমান, মো. মামুন-অর-রশিদ, শোভন ভট্টাচার্য ও সুবেল মিঞা।
শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে প্যানেল দাখিলের কোনো সুযোগ না থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী এবং তাঁদের অনুসারীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ১৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।