মেহেদীর স্বপ্ন কি এভাবেই শেষ হয়ে যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মৃদুল। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মৃদুল। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মৃদুল। পড়েন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে। আড্ডা-গল্পে সদা হাস্যোজ্জ্বল মেহেদী মাতিয়ে রাখেন সবাইকে। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে বিসিএস পরীক্ষা দেবেন। ক্যাডার হয়ে মা-বাবার স্বপ্ন পূরণ করবেন। কত স্বপ্ন তাঁর!
কিন্তু মেহেদী কি পারবেন বিসিএস ক্যাডার হয়ে স্বপ্নপূরণ করতে? শঙ্কার কারণ একটাই, তাঁর শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যানসার। গত ৩১ ডিসেম্বর ক্যানসার ধরা পড়ার পর থেকে ঢাকার মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ক্যানসার হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করতে পারলে মেহেদী হয়তো সুস্থ হবেন। কিন্তু এর জন্য দরকার হবে প্রায় ৩০ লাখ টাকা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কলেজপাড়া এলাকার রওশন আলীর ছেলে মেহেদী। দুই ভাইবোনের মধ্যে ছোট তিনি। বাবা রওশন আলী সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে টিউশনি করেন মেহেদী। বাবার পেনশনের টাকার সঙ্গে টিউশনির আয় মিলিয়ে টেনেটুনে চলত সংসার। ছেলের চিকিৎসার টাকা কীভাবে জোগাবেন—সেই দুশ্চিন্তায় আছেন রওশন আলী।
অসহায় বাবা রওশন আলী বললেন, ‘স্বল্প টাকার বেতনে চাকরি করে কোনো রকম ছেলেমেয়ে মানুষ করার চেষ্টা করেছি। কখনোই টাকাপয়সা জমানোর সামর্থ্য হয়নি। যা ছিল তা দিয়ে ইতিমধ্যে ছেলের চিকিৎসা করে শেষ করেছি। এখন আমি নিঃস্ব, অসহায়। এখন আমি এত টাকা কোথায় পাব? দয়া করে আমার সন্তানকে বাঁচাতে আপনারা সহযোগিতা করুন। ’
মেহেদীর শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিভাগের পক্ষ থেকে মেহেদীকে সহযোগিতার চেষ্টা চলছে। এ সময় মেহেদীর জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।