গৃহবধূকে দোররা ও তাঁর শাশুড়িকে পেটানোর মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবদুর রশিদ ও তাঁর দুই সহযোগীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।এর মধ্যে চেয়ারম্যানকে গত বুধবার এবং তাঁর সহযোগী গ্রামপুলিশ এমদাদুল হক ও হরমুজ মৃধাকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আলিমাবাদ ইউনিয়নের নির্যাতনের শিকার ওই গৃহবধূ গত মঙ্গলবার বলেন, এক মাস আগে প্রতিবেশী আনিছ মিয়ার সাত বছর বয়সী ছেলের সঙ্গে তাঁর মেয়ের মারামারি হয়। এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি বিষয়টি আলিমাবাদ ইউপি চেয়ারম্যান কাজী আবদুর রশিদ ও ইউপি সদস্য মান্নান শেখকে জানান। এতে আনিছের শ্যালক মো. শাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁকে (গৃহবধূকে) বেদম মারধর করেন। গৃহবধূ বিষয়টি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জানান। এক মাসেও তাঁদের কাছে বিচার না পেয়ে ওই গৃহবধূ বাদী হয়ে জুলাই মাসের শেষে বরিশালের আদালতে মো. শাহাবুদ্দিনসহ অন্যদের আসামি করে মামলা করেন। আদালত আসামিদের হাজির হতে নোটিশ দেন। ওই নোটিশ পেয়ে ক্ষিপ্ত হন আসামিরা। তাঁরা আবার ওই গৃহবধূ ও তাঁর পরিবারের ওপর হামলা চালান।