মেহেন্দীগঞ্জে ট্রলার ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ দুই
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আইরখালী নদীতে গত রোববার রাতে একটি ট্রলার ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে দুজন। ট্রলারের যাত্রীরা জানায়, গত রোববার সন্ধ্যায় পাতারহাট লঞ্চঘাট থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী আদর্শ গ্রামের উদ্দেশে যাত্রা করে। যাত্রীদের মধ্যে অনেকেই উপজেলা সদর থেকে বয়স্ক ভাতার টাকা তুলে ওই গ্রামে ফিরছিলেন। রাত আটটায় আইরখালী নদীর মোহনায় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ছয়জন যাত্রী মারা যায়। গত রোববার রাতে যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন চরশেফালী আদর্শ গ্রামের জুয়েল (৬), আয়শা খাতুন (৬৫), হাসেম ব্যাপারী (৭৫) ও খায়রুন্নেছা (৭০)। গতকাল সোমবার ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে বুখাই নগর এলাকা থেকে উদ্ধার করা হয় আছিয়া বেগম (২) ও তানিয়া (৮) নামে আরও দুজনের লাশ। গতকাল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।ট্রলারযাত্রী কাঞ্চন আলী হাওলাদার জানান, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি আইরখালী নদীতে পৌঁছালে স্রোতের তোড়ে তা ডুবে যায়। এ সময় যাত্রীদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠলেও কয়েকজন ডুবে যায়। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান বজলুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার নূরন্নবী তালুকদার, সাংসদ মেজবাহউদ্দিন ও জেলা প্রশাসক মসিউর রহমান। প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ হাজার টাকা ও এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।