মেহেন্দীগঞ্জে ভাঙনে দুই শতাধিক পরিবার গৃহহীন
গজারিয়া নদীর ভাঙনে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী গ্রামের দুই শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। একই সঙ্গে অনেক বসতঘর, ফসলি জমি, কমিউনিটি ক্লিনিক ও বাজার বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় লোকজন গত শুক্রবার মানববন্ধন করেছে। এতে ভাঙনকবলিত পরিবারসহ সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেয়।এলাকাবাসী জানান, প্রতিবছর ভাঙনে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়। এর মধ্যে গবিন্দপুর ইউনিয়ন, ভাষানচর, কোটের হাট, খাজুরিয়া স্কুল বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে উলানিয়া বন্দর। ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মতলেব হাওলাদার, মকবুল হাওলাদারসহ কয়েকজন জানান, গত কয়েক দিনে তাঁদের প্রত্যেকের পাঁচ থেকে সাত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। সব মিলিয়ে শতাধিক একর জমি বিলীন হয়ে গেছে।স্থানীয় লোকজন অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এ পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা যাননি। পানি উন্নয়ন বোর্ডও (পাউবো) ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। ভাঙনে গৃহহারা অনেক পরিবার বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। কয়েকটি পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। জাঙ্গালিয়া ইউপির চেয়ারম্যান মো. আবুল হোসেন হাওলাদার বলেন, ইতিমধ্যে ২৩৭টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অব্যাহত ভাঙনে আরও অনেক এলাকা বিলীন হয়ে যাবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মো. হুসাইন শওকত বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎ ক্ষণিক ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। তবে ভাঙন ঠেকানোর জন্য পাউবো কোনো উদ্যোগ নেয়নি।