মেহেরপুর ও গোপালগঞ্জে সহিংসতায় আহত ৬৫
মেহেরপুরের গাংনী ও গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল বুধবার নির্বাচনী সহিংসতায় ৬৫ জন আহত হয়েছে। এর আগে গত মঙ্গলবার মুকসুদপুরের খানদারপাড় ইউনিয়নের ব্যাজড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ১৫৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউপি নির্বাচনে সদস্য পদে বিজয়ী সালাহউদ্দিন গতকাল সকালে বিজয় মিছিল বের করলে পরাজিত ইকরাম হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে আটটি বাড়ি ভাঙচুর ও দুটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে কোনো পক্ষ মামলা করেনি।এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে গাংনী শহর আওয়ামী লীগ মেয়র আহম্মদ আলীর নেতৃত্বে মিছিল বের করে। মিছিলকারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় দলীয় কার্যালয়ে বিএনপির স্থানীয় সাংসদ আমজাদ হোসেন নেতা-কর্মীদের নিয়ে বসেছিলেন। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে সাংসদসহ কয়েকজনকে উদ্ধার করে।গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামে গতকাল বেলা ১১টার দিকে নির্বাচনী সহিংসতায় ৩৫ জন আহত হয়। তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানিয়েছেন, সকালে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক তরুণ রায়, বরুণ রায় ও ধন্য রায়ের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থক ফটিক দাস ও পরেশ মণ্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নির্বাচিত চেয়ারম্যান দিনেশ মণ্ডল অভিযোগ করেন, সোমবারের নির্বাচনে পরাজিত হয়ে শ্যামল বোস তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। মুকসুদপুর থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, শ্যামল বোসের সমর্থকেরা সকালে দিনেশ মণ্ডলের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খানদারপাড় ইউনিয়নের ব্যাজড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এক সংরক্ষিত সদস্য প্রার্থীর স্বামী চৌকিদার বাবুল খান ও আরেক সদস্য প্রার্থী লাভলু কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং কর্মকর্তাকে তাঁদের পক্ষে ১০০ করে ভোট কাটার জন্য চাপ দেন। প্রিজাইডিং কর্মকর্তা মজিবুর রহমান পুলিশ দিয়ে তাঁদের ও তাঁদের সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে তাঁরা প্রায় ৩০০ লোক নিয়ে কেন্দ্রের বাইরে অবস্থান নেন এবং একপর্যায়ে কেন্দ্রে হামলা করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা সেখানে পৌঁছান। তাঁর নির্দেশে পুলিশ কেন্দ্রের বাইরে উপস্থিত লোকজনকে নির্দিষ্ট দূরত্বে সরে যেতে বলে। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন পর্যবেক্ষক দলের ওপর হামলা চালায়। তারা ম্যাজিস্ট্রেট ও পর্যবেক্ষক দলের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ম্যাজিস্ট্রেট, পর্যবেক্ষক দল ও পুলিশ অবরুদ্ধ হয়ে পড়েন। এ অবস্থায় পুলিশ প্রথমে আট রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পরে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এর মধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পুরে পুলিশ ফারুক খান ও ফকরুল (২২) নামের দুজনকে গ্রেপ্তার করে। গভীর রাতে প্রিজাইডিং কর্মকর্তা মজিবুর রহমান ফারুক খান, চৌকিদার বাবলু খান, তাঁর ছেলে ফকরুল ও লাভলুর নাম উল্লেখ করে ১৫৪ জনকে আসামি করে একটি মামলা করেন।