মেহেরপুর ও ঝিনাইদহে বোমা, গুলি আগ্নেয়াস্ত্র, মাদক ও পোস্টার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহর থেকে প্রায় এক কেজি হেরোইন এবং জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে ভারতের তৈরি পাঁচটি শাটার গান, ছয়টি বোমা, ১০টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। আলাদা অভিযানে ঝিনাইদহের সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ১০টি পোস্টার ও আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, একদল চরমপন্থী ও চোরাকারবারি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হাড়াভাঙ্গা গ্রামের হাট-সংলগ্ন মাঠে গোপনে বৈঠক করছে—এমন খবর পেয়ে র্যাবের সদস্যরা ভোর চারটার দিকে অভিযান চালায়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়। আলাদা অভিযানে মেহেরপুর শহরের কলেজ মোড়ের কাছে একটি চায়ের দোকানের পাশ থেকে প্যাকেটভর্তি প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।এদিকে মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুটিদুর্গাপুর গ্রামের একটি বাড়ি থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ১০টি পোস্টার ও আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাবের সদস্যরা।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক আলভী ফেরদৌস খান জানান, র্যাবের একটি দল কুটিদুর্গাপুর গ্রামের জনৈক ইসরাইল হোসেনের বাড়িতে অভিযান চালায়। বাড়ির পাশের একটি খড়ের পালার নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি শপিং ব্যাগে রাখা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ১০টি পোস্টারও উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, চরমপন্থীরা বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।