মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালককে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস ধর্মঘট শুরু করেছে কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জানান, পুলিশ মামলা নিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। অন্যথায় ৩০ সেপ্টেম্বর থেকে পাঁচ জেলায় ধর্মঘট ডাকা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে মেহেরেপুরের গাংনী উপজেলার বামনদি এলাকায় বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত একটি আলগামন (তিন চাকার যান) রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আলগামনচালক গাংনী উপজেলার মাইলমারী গ্রামের সুফল আলী (৩২) ও যাত্রী একই গ্রামের সেন্টু হোসেন (৩৫) আহত হন। এ ঘটনার পর আহত ব্যক্তিদের স্বজনেরা ওই বাসের চালক জাহিদ হোসেনকে মারধর করেন।
মেহেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, আলগামন, নছিমন সবই অবৈধ গাড়ি। অথচ, এসব গাড়ির দাপটে সরকার অনুমোদিত পরিবহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই এই অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও চালকদের গ্রেপ্তারের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকেরা যৌথভাবে আবার আন্দোলনে নামবেন।