মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি মিল্টন কারাগারে
নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার জাভেদ মাসুদ মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে জেলা বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৫ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনের সময় গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। ওই ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ। মামলার পর থেকে তিনি উচ্চ আদালতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের সময় শেষ হলে গতকাল সকালে তিনি মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় আসামিপক্ষে মারুফ আহমেদ ও কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।
এদিকে জাভেদ মাসুদের হাজিরার সময় আদালত চত্বরে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।