মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই পরিচালক অপসারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (মেপবিস) আওতাধীন দুটি সেবা এলাকার পরিচালকদের অপসারণ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অপসারিত কর্মকর্তারা হলেন সমিতির ৮ নম্বর এলাকার (চুয়াডাঙ্গা সদর উপজেলা) পরিচালক আকরামুল হক বিশ্বাস এবং ৯ নম্বর এলাকার (দামুড়হুদা উপজেলা) পরিচালক এহসানুল হক। সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবদুল মতিন গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
সমিতির কার্যালয়ের কর্মকর্তারা বলেন, আকরামুল হক বিশ্বাস গ্রাহকদের ভোটে ২০১৫ সালের ২১ ডিসেম্বর তিন বছরের জন্য এলাকা পরিচালক নির্বাচিত হন। এর আগেও তিনি দুই দফা এলাকা পরিচালক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মেপবিসের কর্মকর্তারা অভিযোগ করেন, তিন মাস ধরে তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটান এবং নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য অনৈতিক চাপ সৃষ্টি করতে থাকেন।
অপরদিকে এহসানুল হক ২০১৩ সালের ২০ ডিসেম্বর পরিচালক নির্বাচিত হন। তাঁর মেয়াদ প্রায় শেষের দিকে। তিনিও কর্মকর্তাদের নিয়মের বাইরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার চাপ সৃষ্টি করেন। এ ছাড়া তিনি গ্রাহকদের কাছ থেকেও নানাভাবে আর্থিক সুবিধা আদায় করেন।
সমিতির কর্মকর্তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বিষয়টি জানালে উপপরিচালক ফকির শরিফ উদ্দিন তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।