মেহেরপুর পৌরসভা নির্বাচন স্থগিত
মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর নির্বাচন কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানতে চাইলে মেহেরপুরে অতিরিক্ত দায়িত্ব পালনকারী কুষ্টিয়া জেলা নির্বাচনকর্মকর্তা নওয়াবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশন মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে। পুনঃ তফসিল কয়েক দিন পর ঘোষণা হতে পারে।
এদিকে নির্বাচন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মেহেরপুর শহরে পৌরসভার বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহের বাড়ির সামনেসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আগের তফসিল অনুযায়ী মেহেরপুর পৌরসভা নির্বাচনে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। ভোট হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।
মনোনয়নপত্র জমা দেওয়া চারজন হলেন আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান রিটন, আওয়ামী লীগের বিদ্রোহী যুবলীগের সাবেক নেতা নিশান সাবের, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ।
ইউপি নির্বাচন হবে: তবে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে। এ ইউপির ভোট ৩১ অক্টোবর হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু বকর, স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম, কাজী রুহুল আমিন ও আবদুল্লাহ আল মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্যপদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।