মেহেরপুর শহরে ছয়টি বোমা উদ্ধার, আতঙ্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের একটি যৌথ দল মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে গতকাল শনিবার ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। মেহেরপুর পৌরসভা নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন এ ঘটনায় শহরবাসী আতঙ্কে সময় কাটাচ্ছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুরের উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে ছয়টি বোমা উদ্ধার করেন। নিষ্ক্রিয় করার জন্য এগুলো এখন সদর থানায় পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর গত এক সপ্তাহে মেহেরপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও আটটি শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা ঘটল। এটা নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরাও।র্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, মেহেরপুর চরমপন্থী-অধ্যুষিত অঞ্চল। এখানে অস্ত্র ও বোমা তাঁরা প্রায়ই উদ্ধার করেন।