মেহেরপুর শিল্পকলার নির্বাচনে আ.লীগের দুই পক্ষের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিভক্তি ও দ্বন্দ্বের প্রভাব পড়েছে জেলা শিল্পকলা একাডেমীর ত্রিবার্ষিক নির্বাচনে। এতে আওয়ামী লীগের দুটি পক্ষ দুটি প্যানেল দিয়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। অপর পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী। নির্বাচনে সাংসদ-সমর্থিত প্যানেলের নাম শাপলা পরিষদ ও প্রশাসক সমর্থিত প্যানেলের নাম দেওয়া হয়েছে রজনীগন্ধা পরিষদ। শাপলা পরিষদে শহর ছাত্রলীগের সভাপতি জশিউর রহমান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু পরিষদের সভাপতি আতিকুর রহমানসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রজনীগন্ধা পরিষদ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলই রঙিন ছোট-বড় পোস্টার, লিফলেট ছেপেছে। শহরজুড়ে পোস্টারিং হয়েছে। ভোটারদের বাড়ি, দোকানে গিয়ে ভোট চাইছে। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। শাপলা পরিষদের প্রার্থী সাইদুর রহমান জানান, ৫০ হাজার টাকা খরচ করে তিনি ভোটার বানিয়েছেন। আবার ভোটারদের কেন্দ্রে আনতে খরচ হবে। শিল্পকলায় কিছুই নেই, তবু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই নির্বাচন এখন মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে। রজনীগন্ধা পরিষদের রফিকুর রহমান জানান, শিল্পকলার নির্বাচন নিয়ে শিল্পীদের উত্তেজনা নেই, আছে রাজনৈতিক উত্তেজনা। আসফারুল হাসান জানান, তিনি প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে শত শত ভোটার করেছেন। অধিকাংশ ভোটারই শিল্প-সাংস্কৃতিক জ্ঞানহীন। সাবিনা আক্তার বলেন, ‘আমি শিল্পী, এই ভোট হবে শিল্পীদের। অথচ হচ্ছে অশিল্পীদের ভোট। ফলে শিল্পীদের মিলনক্ষেত্র শিল্পকলাও রাজনীতির দখলে গেল।’ভোটার তালিকা অনুসন্ধানে দেখা গেছে, মূলত শিল্পীদের প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমী। অথচ নির্বাচনের ভোটার তালিকায় শিল্পীদের উপস্থিতি নেই। আছে রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার মানুষের আধিক্য। আওয়ামী লীগের নেতারা এই নির্বাচনকে তাঁদের রাজনৈতিক অস্তিত্বের লড়াই মনে করছেন। তাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় নির্বাচনে ভোটার হয়েছেন তিন হাজার ৩৫৭ জন। উল্লেখযোগ্য হলেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুুল মালেক মোল্লা, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম প্রমুখ। রাজনৈতিক নেতা-কর্মীর মতো জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষক, শ্রমিক, মিস্ত্রি, এমনকি হত্যা মামলার আসামির নামও আছে ভোটার তালিকায়। যেমন গাংনী উপজেলার প্রত্যন্ত সহড়াবাড়িয়া গ্রামের রাজমিস্ত্রি মাসুম রানা, ধলা মাইলমারি গ্রামের কৃষিজীবী মাতেনুজ্জামান, মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের দিনমজুর আবদুল মজিদ। হত্যা মমালার আসামি কারাবন্দী আলিফ আরাফাত খানও আছেন ভোটার তালিকায়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিন জানান, শিল্পকলা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভোটার সংখ্যা বেড়েছে। তাই অক্ষরজ্ঞানহীন ব্যক্তিরাও ভোটার হয়েছেন। এ বিষয়ে সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘আমি চেয়েছিলাম প্রকৃত শিল্পীদের নিয়েই একটি প্যানেল হোক। যেখানে সৃজনশীলতা চর্চা হবে। কিন্তু মিয়াজান সেই প্যানেলে খুনী, সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের রাখার শর্ত দেয়। তাই শিল্পীদের নিয়ে তিনি পৃথক একটি প্যানেল করেছি।’ মিয়াজান আলী বলেন, শিল্পকলাকে রাজনীতিকরনের প্রথম উদ্যোগ নেন সাংসদ নিজেই। সেই উদ্যোগের প্রতি চ্যালেঞ্জ ছুড়তে তিনি সকলকে নিয়ে পৃথক একটি প্যানেল করেছেন। এটাকে তিনি রাজনৈতিক অস্তিত্বের যুদ্ধ বলে মনে করেন।