মেহেরপুর সদর থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
আদালতের আদেশ অমান্য করে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা দায়ের না করায় এবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা আমলে নিয়েছেন মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মতিউর রহমান। আদালত ১৪ জুলাই ওসিকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশে বলা হয়েছে, ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তরিকুল ইসলামের বিরুদ্ধে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় মামলা দায়েরের জন্য সদর থানার ওসিকে ১৫ জুন নির্দেশ দেওয়া হয়। আদেশপ্রাপ্তির পরপরই মামলাটি দায়ের করে তা তদন্তের জন্য এজাহার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় কুষ্টিয়ায় পাঠানো এবং ১৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওসি মামলা গ্রহণ না করে ১৮ জুন এক প্রতিবেদনে জানান, দণ্ডবিধি ১৬১ ধারাটি অ-আমলযোগ্য অপরাধ। তাই মামলাটি দায়ের করার সুযোগ নেই।
আদালত আদেশে উল্লেখ করেছেন, ওই ধারাটি দুদক আইনের তফসিলভুক্ত আমলযোগ্য ও জামিন-অযোগ্য একটি অপরাধ, যা দুদক আইন, ২০০৪ (সংশোধিত ২০১৩ সালের ৬০ নম্বর আইন)-এর ২৮(ক) ধারায় বলা হয়েছে। অথচ ওসি সদর সরকারি কর্মকর্তার ঘুষ গ্রহণের অপরাধকে তুচ্ছ গণ্য করে অধর্তব্য ও অ-আমলযোগ্য বলেছেন। মামলা গ্রহণ না করে ওসি আদালতের আদেশ অমান্যসহ পুলিশ প্রবিধানমালা লঙ্ঘন করেছেন।
মেহেরপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলী (১৯) গত ১৪ জুন আদালতকে জানান, সন্দিগ্ধ হিসেবে পুলিশ তাঁকেসহ চারজনকে গ্রেপ্তার করে। সেই মামলায় জামিন পেলে পুলিশ জেলগেট থেকে তাঁদের আবার আটক করে। এঁদের দুজনকে পুলিশ ছেড়ে দেয়। তাঁকে ছেড়ে দিতে পরিদর্শক (তদন্ত) তাঁর বাবার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন। এর পরও সন্দিগ্ধ হিসেবে আরও তিনটি মামলায় পুলিশ তাঁকে আদালতে চালান দেন। আদালত তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করে পরিদর্শকের (তদন্ত) বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করার জন্য গত ১৫ জুন সদর থানার ওসিকে নির্দেশ দেন।