মেহেরপুর সীমান্তে তিন ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্ত থেকে র‌্যাব বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের তিনজন নাগরিককে আটক করেছে। অপর এক অভিযানে গাংনীতে পুলিশ অস্ত্র, বোমাসহ তিনটি হত্যা মামলার আসামি জিয়াউল হককে গ্রেপ্তার করেছে।র‌্যাব-৬, মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, শোলমারি সীমান্ত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মরুটিয়া থানার কচুয়াডাঙ্গা গ্রামের মনতাজ শেখের ছেলে তোজাম (৪২) ও একই থানা এলাকার জাকির শেখ (৩৮) ও মেছের শেখ (৪০)। তাঁরা বাংলাদেশ সীমান্তের ভেতরে শোলমারি গ্রামের আবুল কালামের আমবাগানে বসে মুদ্রা পাচারের চেষ্টা করছিল। তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হক নামে একজনকে গ্রেপ্তার করে।তিনি উপজেলার চরগোয়াল গ্রামের খবির উদ্দিনের ছেলে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ চরগোয়াল গ্রাম থেকে দুটি গুলিসহ একটি বন্দুক ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিয়াউল তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।