মেহেরপুর হাসপাতালে দালালের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীরা দালালদের হাতে নানাভাবে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। এখানে রোগী নিয়ে চলে টানাহেঁচড়া। সরেজমিনে গতকাল রোববার বেলা ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে চিকিৎসক নেই। ওয়ার্ডে একজন চিকিৎসক রোগী দেখছেন। বহির্বিভাগে তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকদের কক্ষের সামনে দালালদের ভিড়। তাঁরা চিকিৎসাসহায়তার নামে রোগীদের নিয়ে টানাহেঁচড়া করছেন। দালালেরা রোগীদের নিয়ে চলে যাচ্ছেন নির্দিষ্ট ওষুধের দোকান বা ক্লিনিকে। সদর উপজেলার সুবিদপুর গ্রামের ছাদিয়াতুন নেছা জানান, হাসপাতাল থেকে চিকিৎসাপত্র নিয়ে ফেরার সময় দালালেরা তাঁকে নিয়ে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে দালালদের পছন্দের দোকান থেকে তাঁকে বেশি দামে ওষুধ কিনতে হয়েছে। মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ গ্রামের বৃদ্ধ কলিমুদ্দিন আহমেদের অভিযোগ, একজন দালাল তাঁর চিকিৎসাপত্র নিয়ে বলেন, ‘চাচা আমার সঙ্গে আসেন। ওখানে ভালো পরীক্ষা করা হয়।’ সেখানে আলট্রাসনোগ্রাম করিয়ে তাঁর কাছ থেকে ৮০০ টাকা নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, চিকিৎসক তাঁকে আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দেননি। ভুক্তভোগী রোগীরা অভিযোগ করেন, এসব দালাল কিছু ওষুধের দোকান ও ক্লিনিকের ভাড়া করা। হাসপাতালে সেবক হিসেবে পরিচিত এমন দালাল বদরুল আনম, ভ্যানচালক সানোয়ার, অটুলসহ কমপক্ষে ২৭ জন। এঁদের নিয়ন্ত্রক হাসপাতালের এমএলএসএস প্রবোধ কুমারসহ তিনজন কর্মচারী। দালালেরা নির্দিষ্ট ওষুধের দোকান ও ক্লিনিক থেকে কমিশন পান। আর ওই নিয়ন্ত্রকেরা দালালদের কাছ থেকে কমিশন নেন। এ ব্যাপারে ভ্যানচালক সানোয়ার দাবি করেন, তিনি দালালি করেন না, রোগীদের সেবা দেন। কিছু ওষুধের দোকান ও ক্লিনিকে রোগী নিয়ে গেলে তাঁরা কমিশন পান। তাঁরা ২৭ জন এই কাজ করেন। এ জন্য আবার হাসপাতালের কিছু কর্মচারীকে তাঁদের কমিশন দিতে হয়। হাসপাতালের কর্মচারী প্রবোধ কুমার জানান, হাসপাতালে দালাল আছে। তবে তাঁরা দালালদের প্রশ্রয় দেন না। এ কারণে দালালেরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলাউদ্দিন আলী বলেন, ‘জানি, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েছে, রোগীরা হয়রানি হচ্ছেন। এই কাজে হাসপাতালের কিছু স্টাফ জড়িত। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিটিংয়ে আলোচনা হয়েছে। আসলে হাসপাতালের চিকিৎসক কম। তাই দালালদের সার্বক্ষণিক মোকাবিলা করা সম্ভব হয় নয়।’ মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ জানান, হাসপাতালে চিকিৎসকের ৩৯টি পদ আছে। কিন্তু চিকিৎসক আছেন মাত্র ১১ জন। এই সুযোগে দালালেরাই বড় চিকিৎসক হয়ে গেছেন। তিনি বলেন, দালালদের পুলিশে দিয়ে এবং হাসপাতালের কিছু কর্মচারীকে বদলি করে হাসপাতাল দালালমুক্ত করা হবে।