মেহেরপুরে অটোরিকশা ধর্মঘট, মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও বাসশ্রমিকদের বাধার প্রতিবাদে মেহেরপুরে গতকাল শনিবার অটোরিকশাচালক ও মালিকেরা ধর্মঘট পালন করেছেন। গতকাল স্থানীয় শামসুজ্জোহা পার্কে তাঁরা সমাবেশও করেন। এদিকে অটোরিকশা চলাচল শুরু হলে বাসমালিকেরা ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন।
সকালে শহরের ওয়াপদা মোড় থেকে অটোরিকশার চালক ও মালিকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি শামসুজ্জোহা পার্কে এসে শেষ। এ সময় সড়কে কোনো অটোরিকশা চলাচল করেনি। বেলা একটা পর্যন্ত ওই ধর্মঘট চলে। এরপর তাঁরা পার্কে সমাবেশ করেন।
সমাবেশে অটোরিকশাচালক ও মালিক সমিতির সভাপতি এবং জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম বলেন, পুলিশের সহযোগিতায় বাসমালিক ও শ্রমিকেরা অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করছেন। অথচ সরকারকে কর দিয়ে এসব যান আমদানি করা হয়েছে।
জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল বলেন, অটোরিকশা সম্পূর্ণ অবৈধ। তাই শান্তিপূর্ণ সমাধান প্রশ্নে অটোরিকশার চালকদের সঙ্গে বৈঠকও অবৈধ হবে। নিষিদ্ধ এই যান চলাচল করলে জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক-মাইক্রোবাস ধর্মঘট শুরু হবে।
অটোরিকশার চালক ও মালিকেরা পরে মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের কাছে যান। সাংসদ স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারের সামনে অটোরিকশার চালকদের উদ্দেশে বলেন, সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করলে কেউ ভালো থাকবেন না। তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য তাঁদের দুই দিন শান্ত থাকার আহ্বান জানান।
এ সময় অটোরিকশার চালকেরা অভিযোগ করেন, এনজিওর কাছ থেকে তাঁরা ঋণ নিয়ে প্রতিটি অটোরিকশা ১ লাখ ৪৫ হাজার টাকায় কিনেছেন। এক দিন অটোরিকশা না চললে ঋণের কিস্তির টাকা দ্বিগুণ হয়।
অটোরিকশার চালক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় প্রায় তিন হাজার অটোরিকশা আছে। অটোরিকশা না চললে প্রায় ২০ হাজার মানুষের খাবার জুটবে না।
এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, সরকারের নীতিমালা এবং উচ্চ আদালতের আদেশে পুলিশ অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে।