মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু
বাসমালিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকে মেহেরপুরে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।সরেজমিনে দেখা যায়, ধর্মঘট সফল করতে গতকাল সকাল থেকেই বাসশ্রমিকেরা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। তাঁরা বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নছিমন, করিমনসহ ৪০টি যানবাহন ভাঙচুর করেছেন।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস জানান, গত ২৪ সেপ্টেম্বর ইজিবাইক মালিক সমিতি ও জেলা যুবলীগের সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় বাস মালিক ও শ্রমিক সংগঠনের ২৭ নেতাকে আসামি করে থানায় দুটি মামলা হয়েছে। এ মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলবে। মামলায় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রধান আসামি।মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মীর্জা আবদুল্লাহেল বাকি জানান, ধর্মঘট প্রত্যাহার করা না হলে মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত অভিযোগপত্র দাখিল করে সবাইকে আইনের আওতায় আনা হবে।