মেহেরপুরে অপটিক্যাল ফাইবার কর্তন টেলিযোগাযোগ ব্যাহত
মেহেরপুরে গতকাল বৃহস্পতিবার অবরোধকারীরা বিটিসিএলের অপটিক্যাল ফাইবার কেব্ল কেটে দিয়েছেন। এতে সকাল ১০টা থেকে সারা দেশের সঙ্গে মেহেরপুর ও চুয়াডাঙ্গার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইন্টারনেটের ব্রডব্যান্ড কার্যক্রমও বন্ধ রয়েছে।
অবরোধে সড়ক যোগাযোগ অচল থাকায় গতকাল রাত পর্যন্ত বিটিসিএলের প্রকৌশলীরা ঘটনাস্থলে যেতে পারেননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা শহরের বন্দর মোড়ে সড়ক অবরোধ করেন। এ সময় সদর উপজেলার রাজনগর গ্রামে অবরোধকারীরা সড়কের পাশের গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের দীন দত্ত সেতুর নিচ দিয়ে যাওয়া টেলিযোগাযোগের অপটিক্যাল ফাইবার কেব্লটি কেটে দেন। প্রতিরোধে এগিয়ে গেলে তাঁরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটান।
মেহেরপুর টেলিফোন বিভাগের সহকারী প্রকৌশলী আবু তাহের জানান, অবরোধকারীরা রাজনগর গ্রামের অপটিক্যাল ফাইবার কেব্লটি কেটে দেওয়ায় মেহেরপুরের সঙ্গে সারা দেশের ও ভারতের পশ্চিমবঙ্গের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাজনগর গ্রামের দীন দত্ত সেতুর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ২০ মিটার অপটিক্যাল ফাইবার কেব্ল কাটা অবস্থায় রয়েছে। অন্তত ২০-২২ জন অবরোধ-সমর্থককে লাঠিসোঁটা হাতে নিয়ে ঘটনাস্থল পাহারা দিতে দেখা যায়।
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার রাশিদুল হাসান অপটিক্যাল কেব্ল কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, বিটিসিএলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ যোগাযোগ ছাড়াও সরকারি দপ্তরে ফ্যাক্স আদান-প্রদান, ব্রন্ডব্যান্ড লাইনে ভিডিও কনফারেন্স ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। বিটিসিএল চুয়াডাঙ্গার উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের জানান, অবরোধের কারণে বিটিসিএলের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় কেব্ল মেরামত সম্ভব হয়নি।
কুষ্টিয়া মাইক্রোওয়েভের সহকারী প্রকৌশলী রবিউল ইসলামের নেতৃত্বে একটি কারিগরি দল আজ শুক্রবার ঘটনাস্থলে যাবে।