মেহেরপুরে অস্ত্র ও মাদক উদ্ধার
মেহেরপুরে গত শনিবার তিনটি আগ্নেয়াস্ত্র এবং ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। সীমান্তবর্তী এই জেলায় অস্ত্র ও ফেনসিডিলের ব্যবহার বেড়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কম।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুরের ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে তাঁরা সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বন্দর গ্রামে অভিযান চালান। এ সময় গ্রামের একটি লিচু বাগান থেকে দুটি শাটারগান উদ্ধার করা হয়। এদিকে মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, শনিবার সদরের রশিকপুর গ্রামের একটি খেত থেকে তাঁরা একটি পিস্তল উদ্ধার করেনর্যাব-৬ পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের রাস্তার পাশ থেকে ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ওই গ্রাম থেকে সিদ্দিক আলী নামে একজনকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, সীমান্তবর্তী এই জেলায় সম্প্রতি অস্ত্র, বোমা ও ফেনসিডিলের ব্যবহার বেড়ে গেছে। সে তুলনায় এগুলো উদ্ধারের পরিমাণ কম। তাঁরা বলেন, বুড়িপোতা, শালিকা, হরিরামপুর, কাজীপুর, কাথুলী, দারিয়াপুরসহ সীমান্তবর্তী গ্রামগুলোতে যত্রতত্র ফেনসিডিল পাওয়া যায়। এই গ্রামগুলো ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম পাচারের রুট হিসেবেও ব্যবহূত হয়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, উদ্ধার করা দুটি অস্ত্র ও ফেনসিডিলগুলো থানায় জমা রয়েছে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এই জেলায় ফেনসিডিলের ব্যবহার ও ব্যবসা বৃদ্ধি পাওয়ার অভিযোগ স্বীকার করে তিনি জানান, সম্প্রতি দুজন রাজনৈতিক নেতা খুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তাই লোকবল ও সময়ের অভাবে পুলিশ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে সেভাবে তৎপর হতে পারছে না।