মেহেরপুরে অস্ত্র বোমাসহ তিন ডাকাত গ্রেপ্তার
মেহেরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি মাদ্রাসা থেকে গতকাল রোববার ভোরে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে দুটি করে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামের আমির চান (৩৬), একলাস শেখ (৩০) ও সাহাদাৎ হোসেন (২৮)।র্যাব কমান্ডার জাহিদুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যে ওই তিন জন কুষ্টিয়া থেকে গাংনীতে যান। রাতে গাংনীর সাহারবাটি গ্রামের দাখিল মাদ্রাসায় জড়ো হন। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী পুলিশসহ র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় র্যাব সদস্যরা ওই তিনজনকে ধরে ফেলেন। পরে তাঁদের দেহ ও ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বোমাগুলো শক্তিশালী। বড় ধরনের নাশকতা ও প্রাণহানির উদ্দেশ্যে এই ডাকাতদল জড়ো হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে।