মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের পর গত বৃহস্পতিবার রাতে দলের শীর্ষ স্থানীয় নেতাদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। সংঘর্ষে গুলি চালানোর অভিযোগে দলের সদস্য আশরাফুল ইসলামের বাড়ি থেকে তাঁর বৈধ দুটি বন্দুক ও ১০টি গুলি জব্দ করেছে পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে আশরাফুলসহ দলের উভয় পক্ষের নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তবে দলের একাংশের ভাষ্যমতে, বৃহস্পতিবারের সংঘর্ষে আবদুস সালাম নামের এক যুবক নিহতের দাবি করা হলেও গতকাল শুক্রবার পর্যন্ত তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে পুলিশও নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি। তবে পুলিশ বলেছে, সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, লুকিয়ে থাকা সন্ত্রাসী ও ক্যাডারদের খুঁজতে পুলিশ গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল খালেক, সাবেক সাংসদ মকবুল হোসেন, সদস্য মহসিন আলী, আশরাফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমানসহ প্রায় ৩০ জন নেতার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় আশরাফুল ছাড়া অন্য নেতারা বাড়িতে ছিলেন না। অভিযানে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পুলিশ অংশ নেয়।ওসি জানান, গত দুই দিনের সংঘর্ষে গুলি চালানোর অভিযোগে পুলিশ আশরাফুলের বাড়ি থেকে তাঁর বৈধ দুটি বন্দুক, ১০টি গুলিসহ দেশীয় নানা অস্ত্র জব্দ করেছে। এ ছাড়া অন্য নেতাদের বাড়ি থেকেও লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশরাফুলের বিরুদ্ধে গাংনী থানায় দুটি মামলা রয়েছে।