মেহেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চাকরি দেবার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবু সালেহ মো. নাসিম গতকাল সোমবার মেহেরপুরের বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে মামলা দায়ের করলে আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ করা হয়, মখলেছুর আবু সালেহ মো. নাসিমের মোহরার মেহেরপুর শহরের হঠাৎপাড়ার আরিফুল ইসলামকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে আবু সালেহ দুই দফায় মখলেছুরকে সাড়ে তিন লাখ টাকা দেন। বাকি দেড় লাখ টাকা চাকরির নিয়োগপত্র পাওয়ার পর পরিশোধের চুক্তি হয়। কিন্তু মখলেছুর দীর্ঘদিনেও চাকরি না দিতে পারায় নাসিম সাড়ে তিন লাখ টাকা ফেরত চান। সর্বশেষ গত ২৭ মার্চ মখলেছুরের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।