মেহেরপুরে আ.লীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চীনে রাষ্ট্রীয় সফরে যাওয়ায় গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে এ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশি প্রহরায় মিয়াজানকে সংবর্ধনা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে সফরসঙ্গী হওয়ায় মিয়াজান আলীকে গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। এ জন্য শহরে মাইকিং ও তোরণও নির্মাণ করা হয়। বেলা তিনটার দিকে ১০/১২ জন যুবক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংবর্ধনাস্থলে গিয়ে অতর্কিত হামলা চালায়। তারা তোরণ, সংবর্ধনা মঞ্চ ও মাইক ভাঙচুর করে মঞ্চের কাপড়ে অগ্নিসংযোগ করে। প্রতিপক্ষের এ হামলার খবর ছড়িয়ে পড়লে মিয়াজান সমর্থকেরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন সমর্থকদের ওপর পাল্টা হামলার প্রস্তুতি নেয়। পাল্টা হামলার খবর পেয়ে সাংসদ পক্ষ গা-ঢাকা দিলে পরিস্থিতি শান্ত হয়। শহরে শত শত দাঙ্গা পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল অভিযোগ করেন, সাংসদ জয়নালের নির্দেশে তাঁর ব্যক্তিগত সহকারী জশিউর রহমানের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, হামলার পর তাঁর নেতৃত্বে শহরে তিন শতাধিক মোটরসাইকেল মহড়া দেয়। তাঁরা চুয়াডাঙ্গা-মেহেরপুরের দরবেশপুর থেকে মিয়াজানকে অভ্যর্থনা জানিয়ে সংবর্ধনাস্থলে নিয়ে যান। পুলিশ ও র‌্যাবের প্রহরায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অনুষ্ঠান বানচালের চেষ্টা এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসংযোগের ঘটনার জন্য সাংসদ জয়নালকে দায়ী করেন।