মেহেরপুরে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মেহেরপুর সদর উপজেলার নূরপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি-সমর্থকদের সাতটি বাড়ি ভাঙচুর করা হয়। পরে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মেহেরপুর জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ পক্ষের বাদশা বাদী হয়ে ৪০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো মামলা হয়নি।প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের স্কুলপাড়ায় ছয়-সাত বছর আগে চার শতক জমি কেনেন একই ইউনিয়নের শিবপুর গ্রামের রিয়াজ আলী। জমিটি পরিত্যক্ত অবস্থায় এত দিন পড়ে ছিল। কয়েক দিন ধরে গ্রামের আওয়ামী লীগ-সমর্থক সুরুজ আলীসহ কয়েকজন জমিটি দখলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় গ্রামের বিএনপি-সমর্থকেরা রিয়াজ আলীর পক্ষ নিলে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে সুরুজের লোকজন জমিটি দখল নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী দাবি করেন, জমিটি সুরুজদের। রিয়াজ আলী এত দিন জোরপূর্বক দখল করেছিলেন। অপরদিকে নূরপুর গ্রাম আওয়ামী লীগের সভাপতি হাশেম মণ্ডল বলেন, ‘ক্রয়সূত্রে ওই জমির বৈধ মালিক রিয়াজ। জমিটি পড়ে থাকায় সরকার পরিবর্তনের পর সুরুজসহ আওয়ামী লীগের লোকজন ওই জমি দখলের চেষ্টা চালায়।’ মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘ওই গ্রামে আওয়ামী লীগের কর্মীদের হাতে বিএনপির কর্মীরা বহুদিন ধরে নির্যাতিত হয়ে আসছিলেন। ঘটনাটি তারই বহিঃপ্রকাশ।’ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ হোসেন জানান, আক্কাছ আলী, ছাক্তার আলী, হকা ও কুদ্দুস নামের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওসি বলেন, জমির দখল নেওয়াকে কেন্দ্র করে গ্রামের আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকেরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।