মেহেরপুরে আ.লীগের দুই পক্ষে উত্তেজনা
মেহেরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা মোকাবিলায় শহরের মোড়ে মোড়ে পুলিশ পাহারা বসানো হয়েছে। দলের এক পক্ষ ১৫ সেপ্টেম্বর শহরে লাঠিমিছিল করার ঘোষণা দিয়েছে। অপর পক্ষ মিছিলকারীদের রাস্তায় দাঁড়াতে দেবে না বলেও ঘোষণা দিয়েছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দলের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মেহেরপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী।গত সোমবার বিকেলে সাংসদ পক্ষের নেতা-কর্মীরা মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র যুবলীগের নেতা রিপন হত্যার বিচারের দাবিতে শহরের প্রেসক্লাবের সামনে সমাবেশ করছিলেন। এ সময় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মিয়াজান আলী পক্ষের নেতা-কর্মীদের বের করা মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে ধাওয়া করে। এ সময় আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে উভয় পক্ষের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।এ ব্যাপারে সাংসদের পক্ষের নেতা শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যাঁরা মিছিল করেছেন, তাঁরাই পৌরসভার প্যানেল মেয়র রিপন হত্যা মামলার আসামি। এরই প্রতিবাদে শনিবার শহরে লাঠিমিছিল বের করার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।মিয়াজান আলী পক্ষের নেতা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তাঁদের বের করা শান্তিপূর্ণ মিছিলে দলের কিছু নেতা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছেন। তাঁরা আওয়ামী লীগের শত্রু। তিনি জানান, শনিবার যাঁরা শহরে লাঠিমিছিলের ডাক দিয়েছেন, তাঁদের রাস্তায় দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না।মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহেল বাকী জানান, আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য জেলার পুলিশ লাইন থেকেও অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।